বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৯ আগস্ট (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানের ওপর নজর রাখছে দিল্লি: রণধীর জয়সোয়াল; তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন ‘উঠে পড়ে লেগেছে’ ভারত; ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প; নেপালে বন্যায় প্রাণহানি ৬২৬, এখনও নিখোঁজ দুই হাজারের বেশি; নেপালে বন্যার খবর সংগ্রহে কঠোর নিয়ম, কড়াকড়ির মুখে দেশি-বিদেশি সাংবাদিকরা; প্রাণঘাতী বন্যার আগে চীনের সতর্কবার্তা পায়নি নেপাল: সাবেক মন্ত্রী- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানের ওপর নজর রাখছে দিল্লি: রণধীর জয়সোয়াল
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে ভারত। শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, ইতোপূর্বে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন ‘উঠে পড়ে লেগেছে’ ভারত
দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে সরকারি কোনও ই-মেইল থেকে সরাসরি ইঙ্গিত পাওয়া খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। তবে চলতি মাসের শুরুতে ভারতের প্রেসিডেন্ট দফতর থেকে পাঠানো একটি ই-মেইল তেমনই এক নজির তৈরি করেছে। ই-মেইলটি দ্রুত কূটনীতিক ও সাংবাদিকদের নজর কাড়ে। ই-মেইলে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ভবনে সপ্তাহান্তের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কারণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর অনুষ্ঠানের মহড়া চলছিল।
ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভেনেজুয়েলার বিপুল তেল মজুদের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি তেল মজুদের ওপর বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ওয়াশিংটন। এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বে এই চুক্তি হয়েছে। এতে মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় হবে না বলেও দাবি করেন তিনি।
নেপালে বন্যায় প্রাণহানি ৬২৬, এখনও নিখোঁজ দুই হাজারের বেশি
নেপালের ভয়াবহ ভোটকোশী বন্যা ও পরবর্তীতে নিম্নাঞ্চলে সৃষ্ট প্লাবনে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (এনডিআরআরএমএ) বরাতে এ তথ্য জানিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত এনডিআরআরএমএ-এর সর্বশেষ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৪ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ১০১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজদের মধ্যে পুলিশের ২৭ জন সদস্যও রয়েছেন।
নেপালে বন্যার খবর সংগ্রহে কঠোর নিয়ম, কড়াকড়ির মুখে দেশি-বিদেশি সাংবাদিকরা
সাম্প্রতিক ভোটকোশী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নেপাল সরকার। তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা তথ্য প্রশাসন বিভাগ ও প্রেস শাখার নির্দেশনা অনুযায়ী, বিদেশি সাংবাদিকদের পাসপোর্ট ও বৈধ ভিসার কপির পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়োগপত্র বা চুক্তিপত্র জমা দিতে হবে।
প্রাণঘাতী বন্যার আগে চীনের সতর্কবার্তা পায়নি নেপাল: সাবেক মন্ত্রী
নেপালে ভয়াবহ ও বিধ্বংসী বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় চীন কোনও পূর্বসতর্কবার্তা দেয়নি বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক বন ও পরিবেশমন্ত্রী মাধব প্রসাদ চৌলাগায়েন। শনিবার (২৯ আগস্ট) এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত বুধবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে নেপাল-তিব্বত সীমান্তে বরফ, পাথর ও কাদার প্রবল প্রবাহ ধেয়ে আসার আগে চীনের পক্ষ থেকে সময়মতো কোনও সতর্কতা পায়নি নেপাল।