দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা; যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত; নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক; ‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’; যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ; রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার; সময়মতো অস্ত্র দিতে পারেনি ভারতীয় সংস্থা, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ; নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

ভারতে জেন-জিদের নেতৃত্বে আন্দোলনের পর এবার স্কুলশিক্ষার্থীদের মধ্যেও প্রতিবাদের ঢেউ দেখা দিয়েছে। জুলাইয়ের শেষ দিক থেকে অন্তত ১০টি রাজ্যে স্কুলের ভবন, শিক্ষকসংকট, পানি, বিদ্যুৎ, বেঞ্চ ও খাবারের মান নিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। নতুন এই আন্দোলনকে অনেকে ‘জেন আলফা’ আন্দোলন হিসেবে দেখছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য এ মস্কো ও কিয়েভ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে কিয়েভে উইটকফ ও কুশনারের প্রথম সফর।

ভারতের মহারাষ্ট্রজুড়ে ১০ দিনব্যাপী নবরাত্রি উৎসবে মুসলিমদের গারবা ও ডান্ডিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কট্টরপন্থি এই সংগঠনটি আয়োজকদের জন্য নির্দেশিকা জারি করে জানিয়েছে, আগতদের হিন্দু পরিচয় নিশ্চিত করতে আধার কার্ড পরীক্ষা করা হবে এবং কপালে তিলক লাগানো বাধ্যতামূলক করা হবে।

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই কর্মীর জীবিত উদ্ধারকে ‘অসাধারণ’ ঘটনা বলে বর্ণনা করেছেন সুড়ঙ্গ উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। তার মতে, বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি। সিডনি থেকে অনলাইনে উদ্ধারকাজে পরামর্শ দেওয়া ডিক্স বলেন, এটি উদ্ধারকারী দলের বিশাল জয়। দুই জনকে জীবিত বের করে আনা অসাধারণ ঘটনা। ২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গ উদ্ধার অভিযানে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান।

যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। শুক্রবার প্রতি গ্যালনের দাম বেড়ে ৫ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ২০২২ সালের জুনে সর্বোচ্চ ৫ দশমিক ৮১৬ ডলার হয়েছিল। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই কৃষক, ট্রাকচালক ও পণ্য পরিবহন প্রতিষ্ঠানগুলো বাড়তি ডিজেল খরচ বহন করছে। এতে পণ্য পরিবহনের খরচ আরও বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নজির গড়েছে জর্জিয়া মেলোনির ডানপন্থি সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) টানা ১,৪১৩ দিন শাসনকার্য পরিচালনার মাধ্যমে এই নতুন মাইলফলক স্পর্শ করে মেলোনি প্রশাসন।

ইউক্রেনকে দেওয়ার জন্য ৭০ মিলিয়ন ইউরোর বা প্রায় ৭৬৮.৫ কোটি রুপি গোলাবারুদ কেনার একটি চুক্তি ঘিরে বড় ধরনের কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর পদত্যাগ করেছেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর। পূর্ব অভিজ্ঞতা না থাকা ভারতীয় মালিকানাধীন একটি সংস্থাকে কামানের গোলা সরবরাহের ওই কার্যাদেশ দেওয়া হয়েছিল। ন্যাশনাল অডিট অফিসের একাধিক নেতিবাচক প্রতিবেদনের পর দায় স্বীকার করে বুধবার পদত্যাগের ঘোষণা দেন ২০২২ সাল থেকে দায়িত্বে থাকা এই মন্ত্রী।

নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গে টানা নয় দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হওয়া মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহরজন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গত ২৬ আগস্ট ভোটেকোশী নদীর প্রলয়ঙ্কারী বন্যায় সুড়ঙ্গটি প্লাবিত হওয়ার পর শুরু হওয়া উদ্ধার শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সেনাবাহিনী, পুলিশ ও বিদেশি বিশেষজ্ঞদের যৌথ উদ্ধারকারী দল তাদের জীবিত উদ্ধার করে।