দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’; বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি; ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ; নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন মালয়েশিয়ার রাজা; পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের; দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কঠোর শিক্ষার্থী ভিসা নীতির প্রভাব পড়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের ওপর। নিজেদের স্পনসর লাইসেন্স রক্ষায় দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ও ‘কনফারমেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ’ (সিএএস) দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে। কিছু প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ থেকে আবেদন নেওয়া স্থগিত করেছে, আবার কয়েকটি বিশ্ববিদ্যালয় ঢাকা ও সিলেটসহ নির্দিষ্ট অঞ্চল, কোর্স বা ডিগ্রির ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে। যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন দপ্তর (ইউকেভিআই) সংশোধিত ‘বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট’ কাঠামো অনুযায়ী, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশ বা তার বেশি হলে তাদের স্পনসর লাইসেন্স বাতিলের ঝুঁকি তৈরি হয়। আগে এই সীমা ছিল ১০ শতাংশ।

বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি

বাব আল-মানদাব প্রণালি দিয়ে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য রোম অপেক্ষা করবে না। ক্রোসেত্তো বলেন, ‘জাহাজ চলাচল নিরাপদ রাখতে আমাদের সক্ষমতা রয়েছে।’একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ অচল হয়ে পড়লে এর অর্থনৈতিক পরিণতি গুরুতর হতে পারে। সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক বিলম্বের কারণে পরিস্থিতি আরও জটিল হতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ

ইরানে একটি স্কুল ও একটি ক্রীড়া স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার মতো যথেষ্ট ভিত্তি পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত মিশন। তদন্তকারীদের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে চালানো ওই দুই হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ছিল। জাতিসংঘের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন অন ইরান বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫৬ জন বেসামরিক মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১২০ জন শিশু ছিল বলে তদন্তে উঠে এসেছে। একই দিনে দক্ষিণাঞ্চলীয় লামের্দ শহরের একটি ক্রীড়া কমপ্লেক্স ও আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়। সেখানে ২২ জন বেসামরিক মানুষ নিহত বা আহত হন।

নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন মালয়েশিয়ার রাজা

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দিয়েছেন দেশটির রাজা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কয়েক বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে নাজিবের সাজা হওয়ার চার বছর পর এ সিদ্ধান্ত এলো। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। ক্ষমতায় থাকাকালে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি বা ১এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি ধারাবাহিকভাবে কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন।

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জুমার নামাজের সময় একটি পুলিশ কম্পাউন্ডে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখো প্রদেশের কোহাত জেলার ওল্ড পুলিশ লাইন্স গেটে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দলের নাম ও প্রতীক সব হারালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং এর ঐতিহ্যবাহী ‘ফুল ও ঘাস’ প্রতীক স্থগিত করার একদিন পর দলটির দুই প্রতিদ্বন্দ্বী পক্ষকে আলাদা অন্তর্বর্তীকালীন নাম এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ করেছে। এর ফলে প্রায় তিন দশক ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রাজনৈতিক পরিচয় আগামী ৬ অক্টোবরের পশ্চিমবঙ্গ উপনির্বাচনের ব্যালট থেকে সাময়িকভাবে বাদ পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পক্ষকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দেওয়া হয়েছে। অন্যদিকে বিদ্রোহী পক্ষকে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘খাম’ প্রতীক বরাদ্দ করেছে কমিশন।