দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম; হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন; শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট; জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান শাহবাজের; জাপানে আছড়ে পড়লো টাইফুন দুজুয়ান, প্রাণ হারালেন ২ জন; হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?; ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু; ‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

টানা কয়েকদিন পতনের পর বাজার স্থিতিশীল হওয়ায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য কূটনৈতিক পরিস্থিতির ওপর বিনিয়োগকারীদের নজর রাখার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই ঘোষণা দিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে রওনা হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ট্রেন মার্চ যখন মুলতানে এসে পৌঁছায়, ঠিক তখনই দলটির আমির হাফেজ নাঈম উর রেহমানের সাথে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামায়াতের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পাকিস্তান ফিরে না আসা পর্যন্ত ইসলামাবাদ অভিমুখে তাদের চলমান ‘সুপার ট্রেন’ মার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে অন্তত দুই জন নিহত হয়েছেন। ঝড়ের কারণে টোকিওর আশপাশে ১৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাপক বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের সংবাদ পরিবেশনের অভিযোগে কয়েকটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মার্কিন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে জানিয়েছেন চার আইন বিশেষজ্ঞ। তাদের মতে, সরকারের পক্ষ থেকে দৃষ্টিভঙ্গি বা সংবাদ পরিবেশনের ভিত্তিতে গণমাধ্যমের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ড্রোন হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে আবারও তেল রপ্তানি শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে। ইরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, ‘যুদ্ধ শেষ হয়নি’। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত আরও বাড়লে ইরান তার অস্ত্র, সামরিক কৌশল ও লক্ষ্যবস্তু পরিবর্তন করবে বলেও সতর্ক করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।