দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ০১ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প; প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি; মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ; ইরানের নেতৃত্বে ফাটল: গালিবাফকে নিয়ে লেখায় কট্টরপন্থি এমপি কারাগারে; আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯; হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?; তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে—এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইরানের সঙ্গে চুক্তি না হলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বুধবার ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা তাদের উড়িয়ে দেব’।

ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে কো-পাইলটের ছুরিকাঘাত ও বিমানটি ক্র্যাশ করার চেষ্টার মুখে চরম সাহসিকতা দেখিয়ে ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। বুধবারের এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘হিরো’ হিসেবে অভিহিত করে প্রশংসা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একাধিক কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক চাপ বাড়ার মধ্যে মিত্রদের সঙ্গে পরামর্শে বসার পরিকল্পনা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত খাইবার পাখতুনখোয়ায় রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। 

ইরানে দায়িত্ব পালনরত অবস্থায় প্রথমবারের মতো কারাগারে পাঠানো হয়েছে এক সংসদ সদস্যকে। কট্টরপন্থি এমপি হামিদ রাসায়িকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর বিরুদ্ধে কট্টরপন্থিদের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) কুনার ও হেলমান্দ প্রদেশে তিনটি বাড়িতে এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের প্রচেষ্টায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা হরমুজ প্রণালিকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ক্ষমতা দিন দিন হারাচ্ছে ইরান। তেল রফতানি ব্যাহত করার হুমকি দিয়ে সুবিধা আদায়ের যে কৌশল তেহরান এতদিন ব্যবহার করে আসছিল, তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক হামলার সম্ভাবনা ক্রমেই কম দেখছে যুক্তরাষ্ট্র। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের সক্ষমতা অর্জনের নির্দেশ দিলেও, মার্কিন কর্মকর্তাদের ধারণা আগামী বছরই চীন তাইওয়ানে হামলা চালানোর সম্ভাবনা কম।