দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ০৬ অক্টোবর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

অর্থনীতি চাঙ্গা, তবুও কেন দরপতন ভারতের শেয়ারবাজারে; গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ’র গোপন প্রতিবেদন; যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এটি ট্রাম্পের জন্য বড় পরীক্ষা; রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান; পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন; বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?; ১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের অনিশ্চয়তা, সুদের হার বৃদ্ধি, শুল্কসংক্রান্ত জটিলতা এবং আবহাওয়াগত নানা বাধা থাকা সত্ত্বেও ৭ শতাংশেরও বেশি গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি। বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল বড় অর্থনীতি হওয়া সত্ত্বেও ২০২৬ সালে দেশটির শেয়ারবাজারের চিত্র একেবারে উল্টো। টানা আট সপ্তাহ ধরে অব্যাহত পতনের পর সম্প্রতি সেনসেক্স ও নিফটি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গত ২৫ বছরের মধ্যে এটিই ভারতীয় শেয়ারবাজারের দীর্ঘতম টানা দরপতনের রেকর্ড।

তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও সামাজিক মেরুকরণের কারণে চরম অস্থিতিশীলতার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। এমনকি দেশটি গৃহযুদ্ধ বা অভ্যন্তরীণ ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একটি প্রতিবেদন। ড্রপ সাইট নিউজ-এর এক প্রতিবেদনে সোমবার সিআইএ’র গত আগস্টের এই গোপনীয় মূল্যায়নের বিষয়টি সামনে আনা হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন (মিডটার্মস) শুরু হতে আর মাত্র চার সপ্তাহ বাকি। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের ফলাফলের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের বাকি অংশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

বিদেশি শক্তির পক্ষে রাষ্ট্রদ্রোহ, গোয়েন্দাগিরি এবং শ্রেণীবদ্ধ তথ্য বা গোপন নথি হাতিয়ে নেওয়ার অভিযোগে জার্মানির ফেডারেল গোয়েন্দা সংস্থা বিএনডি’র সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গ্রেফতার করা হয়েছে। জার্মানির ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বেলজিয়ান-আমেরিকান কণা পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে নির্ণায়ক অবদান এবং মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) পুরস্কার প্রদানকারী সংস্থা এ ঘোষণা দিয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ বাড়ায় এবং জি-৭ জোট নিজেদের মজুত থেকে তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের বাজার এখনও অস্থির।

সোমবার আসামের ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র নদীর তীরে বোগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি নৌযান বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর এটিই উজান আসাম থেকে কোনও বিদেশি বন্দরে প্রথম মালবাহী চালান। শহরটির নদীঘাট বন্ধ হয়ে যাওয়ার প্রায় ৭০ বছর পর এটি চালু হলো।