অর্থনীতি চাঙা, তবু কেন দরপতন ভারতের শেয়ার বাজারে

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ২১:২০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২১:২৬

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের অনিশ্চয়তা, সুদের হার বৃদ্ধি, শুল্ক সংক্রান্ত জটিলতা এবং আবহাওয়াগত নানা বাধা থাকা সত্ত্বেও ৭ শতাংশেরও বেশি গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি। বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল বড় অর্থনীতি হওয়া সত্ত্বেও ২০২৬ সালে দেশটির শেয়ার বাজারের চিত্র একেবারে উল্টো। টানা আট সপ্তাহ ধরে অব্যাহত পতনের পর সম্প্রতি সেনসেক্স ও নিফটি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গত ২৫ বছরের মধ্যে এটিই ভারতীয় শেয়ার বাজারের দীর্ঘতম টানা দরপতনের রেকর্ড।

চলতি বছর ভারতের সাধারণ খুচরা বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে প্রায় ১৫ শতাংশ। এর বিপরীতে গত দুই বছরে দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে রিটার্ন এসেছে ১৭০ শতাংশ। বাজার গবেষণা সংস্থা বার্নস্টেইন রিসার্চের তথ্য অনুযায়ী, গত এক দশকে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ এখন প্রায় শূন্যের কোঠায় এবং কেবল গত দুই বছরেই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার থেকে ৪ হাজার কোটি ডলার তুলে নিয়েছেন।

মিউচুয়াল ফান্ডে সাধারণ ভারতীয়দের সঞ্চয় ২০১৬ সালের ১২ হাজার ৫০০ কোটি ডলার থেকে বেড়ে বর্তমানে ৯০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এতে বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটিতে। ফলে শেয়ারবাজারের এই ধসে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা।

কিন্তু অর্থনীতি চাঙ্গা থাকা সত্ত্বেও ভারতের শেয়ারবাজারে কেন এই ছন্দপতন? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিশ্লেষকরা এর পেছনে মূলত ৫টি কারণ চিহ্নিত করেছেন।

মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ঘটনা আট মাসে গড়ানোয় অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ থেকে ১০০ ডলারে ওঠানামা করছে। ফ্র্যাঙ্কলিন টেম্পলটন অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডিয়ার ফান্ড ম্যানেজার হরি শ্যামসুন্দর জানান, তেলের দাম ৭০ থেকে ৯০ ডলারের মধ্যে থাকলে বাজার মানিয়ে নিতে পারে, কিন্তু ১০০ ডলার পার হলেই তা মূল্যস্ফীতি এবং কোম্পানির আয়ের ওপর বড় চাপ তৈরি করে।

ভারত তার ৯০ শতাংশের বেশি তেল আমদানি করে, যার বড় অংশই আসে এই প্রণালি দিয়ে। রাশিয়া থেকে তেল কেনার পথ খোলা রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সুদের হার

জ্বালানি তেলের দাম বাড়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ছে এবং এর ধাক্কায় মার্কিন সরকারি বন্ডের সুদের হার বেড়ে ৫ শতাংশ ছাড়িয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা ভারতের মতো ঝুঁকিপূর্ণ উদীয়মান বাজার থেকে অর্থ তুলে নিয়ে মার্কিন বন্ডে বিনিয়োগ করছেন।

রুপি মান হারিয়ে ব্যাকফুটে

ডলারের বিপরীতে রুপির ধারাবাহিক অবমূল্যায়নের কারণে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফলে নিফটি গত এক দশকে ডলার হিসাবে মাত্র ৬ শতাংশ বাৎসরিক রিটার্ন দিতে পেরেছে, যা আন্তর্জাতিক বাজারে একেবারেই আকর্ষণীয় নয়।

কমলেও এখনও তুলনামূলক দামি শেয়ার

বাজার সংশোধনের ফলে ভারতীয় শেয়ারের মূল্য কিছুটা কমলেও তা এখনও কোম্পানির প্রকৃত আয়ের তুলনায় বেশ দামি। হরি শ্যামসুন্দর জানান, বিগত ১০ বছরের গড়ের তুলনায় শেয়ারের দাম এখন কম। তবে দক্ষিণ কোরিয়া বা তাইওয়ানের মতো দেশগুলোর প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জোয়ারে অভাবনীয় মুনাফা করলেও ভারতীয় শেয়ারগুলো সেই অনুপাতে আয়ের দৌড়ে পিছিয়ে আছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার অভাব

ভারতের শেয়ারবাজারের বড় একটি ঘাটতি হলো এআই ও নতুন প্রযুক্তির অনুপস্থিতি। বার্নস্টেইন রিসার্চের মতে, ভারতের বড় বড় কোম্পানিগুলো মূলত পুরোনো অর্থনৈতিক কাঠামোর প্রতিনিধিত্ব করছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার গ্লোবাল চেইনে ওপেনএআই, অ্যানথ্রোপিক বা চীনের ডিপসিকের মতো কোনও বৈশ্বিক পরাশক্তি ভারত তৈরি করতে পারেনি। মহাকাশ বা সেমিকন্ডাক্টর খাতে কিছুটা সম্ভাবনা দেখা গেলেও তা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার মতো বড় আকারে পৌঁছায়নি।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সংকট ও বাণিজ্য টানাপোড়েন কমলে বিদেশি বিনিয়োগ কিছুটা ফিরতে পারে বলে মনে করছে ব্রোকারেজ প্রতিষ্ঠান কেয়ারএজ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া কোম্পানিগুলোর ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনেই স্পষ্ট হবে তাদের মুনাফা কতটা কমেছে। তবে দেশি বিনিয়োগকারীরা এখনও মিউচুয়াল ফান্ডে মাসিক বিনিয়োগ অব্যাহত রাখলেও, ভবিষ্যতে দরপতন আরও দীর্ঘায়িত হলে এই স্থিতিশীলতা কতটা টিকে থাকবে, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
১৫ বছর ধরে প্লাস্টিক-আবর্জনামুক্ত যে গ্রাম পর্যটকদের মুগ্ধ করছে
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
সর্বশেষ খবর
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ঢামেক হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক