দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

‘দেশটাকে কেন ধ্বংস করছেন’, দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার ককরোচ পার্টির দিপকে; হরমুজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ২ জাহাজ, প্রাণ গেলো নাবিকের; দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বিপর্যস্ত পাকিস্তান; ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি; পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত; এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট; ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

দিল্লি বিমানবন্দরে গিয়ে কয়েকজনের ক্ষোভের মুখে পড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি ) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বুধবার তাকে ঘিরে উত্তেজনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতর দিয়ে যাওয়ার সময় দিপকেকে লক্ষ্য করে চিৎকার করছেন কয়েকজন। এ সময় একজনকে বারবার বলতে শোনা যায়, ‘ভাই, দেশটাকে কেন ধ্বংস করছেন? কেন দেশটাকে ধ্বংস করছেন?’ ভিডিওর আরেকটি অংশে একটি গাড়ির আশপাশে হট্টগোলের মধ্যে কয়েকজনকে ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে শোনা যায়। তবে দিপকের মুখোমুখি হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্রসদৃশ অস্ত্রের আঘাতে ২৪ ঘণ্টার ব্যবধানে একটি কনটেইনার জাহাজ এবং একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। বুধবার সামুদ্রিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এতে একটি জাহাজের একজন নাবিক নিহত হয়েছেন। অন্য জাহাজটির ২১ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু বিপর্যয় এবং বৈশ্বিক সংঘাতের কারণে তীব্র খাদ্য নিরাপত্তা সংকটে থাকা পাকিস্তান ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) ২০২৬’-এ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ স্কোর রেকর্ড করেছে। করাচিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

‘বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে’- দিল্লির ছাত্রনেত্রী নেহা বোরার এই বক্তব্যকে কেন্দ্র করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দাবি করেছে, ভারতে ‘সরকার পরিবর্তনের’ বা রেজিম চেঞ্জের ষড়যন্ত্র প্রকাশ্যে স্বীকার করে নেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি স্কুলের ছাদ ধসে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।


সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এডেনে সন্দেহভাজন হুথি হামলার পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ আছেন বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরইয়ানি জানান, হুথিরা এডেনের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় দুজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।