দিল্লি বিমানবন্দরে গিয়ে কয়েকজনের ক্ষোভের মুখে পড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি ) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বুধবার তাকে ঘিরে উত্তেজনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতর দিয়ে যাওয়ার সময় দিপকেকে লক্ষ্য করে চিৎকার করছেন কয়েকজন। এ সময় একজনকে বারবার বলতে শোনা যায়, ‘ভাই, দেশটাকে কেন ধ্বংস করছেন? কেন দেশটাকে ধ্বংস করছেন?’ ভিডিওর আরেকটি অংশে একটি গাড়ির আশপাশে হট্টগোলের মধ্যে কয়েকজনকে ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে শোনা যায়। তবে দিপকের মুখোমুখি হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দিল্লিতে সিজেপির তিন কর্মী সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডেকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে এ ঘটনা ঘটলো।
আটক কর্মীদের সমর্থনে আগামী ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন অভিজিৎ দিপকে। তার অভিযোগ, শুধু জাতীয় পতাকা উত্তোলন করার কারণেই সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘উড়ুক পতাকা’ লিখে দেশপ্রেমিক ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের ১৬ অক্টোবর বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।
দিপকে বলেন, আপনারা সবাই জানেন, শুধু পতাকা উত্তোলন করার কারণেই সৌরভ ও আশুকে কারাগারে পাঠানো হয়েছে। তাই আমি সব দেশপ্রেমিক যারা পতাকাকে ভালোবাসেন; তাদের ১৬ অক্টোবর বিকেল ৫টায় পতাকা নিয়ে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানাচ্ছি। সেখানে আমরা পতাকা উত্তোলন করবো এবং দেখিয়ে দেবো, জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়।
যারা দিল্লিতে যেতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তিরঙ্গা মার্চ’ আয়োজনেরও আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় পতাকাকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে দিপকে বলেন, এই লোকদের, এই স্বৈরাচারীদের- জানিয়ে দিতে হবে, আমাদের জাতীয় পতাকা আমাদের গর্ব এবং এই পতাকা উত্তোলন করা কোনও অপরাধ নয়।
এ আহ্বান জানানোর পর কারাগারে যেতে হতে পারে, এমন আশঙ্কা নিয়েও উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন দিপকে। তিনি বলেন, এরপর আমাকে কারাগারে পাঠানো হতে পারে, কিন্তু তা নিয়ে আমি চিন্তিত নই। জাতীয় পতাকা আমার গর্ব, আর আমি অবশ্যই এই পতাকা উত্তোলন করব।
এর আগে মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে প্রবেশের জন্য নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করার অভিযোগে ককরোচ জনতা পার্টির কর্মী আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ডেকে আটক করে দিল্লি পুলিশ। উল্লেখ্য বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে ওই স্থানে জড়ো হয়েছিলেন সিজেপির কর্মীরা। বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছে তাদের আটক করেন এবং স্থানটি থেকে সরিয়ে নিয়ে যান।
আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এক্সে দিপকে লেখেন, আজ ভোরে জাতীয় পতাকা নিয়ে ককরোচরা যন্তর মন্তরে ঢুকে পড়েছিল। পরে দিল্লি পুলিশ তাদের আটক করে। আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কাসহ দলের অন্য সদস্যদেরও আটক করা হয়েছে। নরেন্দ্র মোদি, আপনারা প্রতিরোধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন না।
সূত্র: ইন্ডিয়া টুডে
এবার জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের ডাক সিজেপির
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে