দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের; ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১৪ নিহত, দাবি হুথিদের; নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই; যেভাবে চোখ ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রে পালালেন বলসোনারো, নেপথ্যে আর্জেন্টিনা; মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৩; ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে একটি স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতে বেশ কয়েকটি উপসাগরীয় আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় ১৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথিরা। বুধবার (২৮ অক্টোবর) একটি বাজার ও পেট্রল স্টেশনে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গোষ্ঠীটির সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহ। হতাহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব বলে জানানো হয়েছে।

ইহুদি ভোটারদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। যদিও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার ডানপন্থি জোট। বুধবার ভোট গণনার প্রায় ৮৬ শতাংশ শেষ হওয়ার পর দেশটির তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে এমন চিত্র উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

জনসমক্ষ থেকে এক দিনের বেশি সময় অনুপস্থিত থাকার পর সপরিবারে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের মূল ‘নেতা’ হিসেবে দাবি করেছেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারো। ব্রাজিলের সুপ্রিম কোর্ট পাসপোর্ট জমার নির্দেশ দেওয়ার পরও আর্জেন্টিনা ও ইকুয়েডর হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান তিনি। ওয়াশিংটনে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোনও প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ তোলেন, প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ও তার চরমপন্থী সহযোগীরা ভোট কারচুপি করে জয়ী হয়েছেন।

হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি এমকিউ-১ ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বাহিনীটির বরাতে এ খবর জানিয়েছে।

ইউক্রেনের দনিপ্রো রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে রুশ ড্রোন আঘাত হানায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ইসরায়েলের ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত মিলছে। একই সঙ্গে বেশ কিছু অপ্রত্যাশিত ফলাফলও সামনে এসেছে। সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এগিয়ে গেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোটও পেছাতে পেছাতে থমকে গেছে। এই পরিস্থিতিতে দেশটির রাজনীতিতে চরম অচলাবস্থা তৈরি হলেও আকস্মিকভাবেই সরকার গঠনের মূল চাবিকাঠি চলে এসেছে আরব দলগুলোর হাতে। যদিও নেতানিয়াহু বা আইজেনকোট, কেউই তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী নন।