যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি। বিবিসি ও সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন ২১৮টি আসনে বিজয়ী হতে যাচ্ছে। খবর বিবিসি।
অপরদিকে রিপাবলিকানদের ঝুলিতে এখন পর্যন্ত অন্তত ১৬০টি আসন যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রিপাবলিকানদের হাত থেকে ডেমোক্র্যাটদের কাছে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চলে যাওয়া ট্রাম্প প্রশাসনের ক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে এবং আগামী দিনগুলোতে আইন পাসের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
প্রতিনিধি পরিষদের পাশাপাশি উচ্চকক্ষ সিনেটেও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। দলটির প্রার্থীরা রিপাবলিকানদের কাছ থেকে দ্বিতীয় সিনেট আসনটি ছিনিয়ে নিয়েছে। বিশেষ করে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস এক অভাবনীয় জয় তুলে নিয়ে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি দখল করেছেন।
উল্লেখ্য, এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসন এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় সরকার পদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৬০। তবে এখনও ৮৭টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনও দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। এ পর্যন্ত ডেমোক্র্যাটদের ১০৪ জন ও রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। এ পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন, আর রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। দুই দলেরই আরও সাতজন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ৩টি আসনের ফলাফল ঘোষণা এখনও বাকি।
সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ৫১টি আসন নিশ্চিত করতে হবে। সিনেটের মোট ১০০ আসনের মধ্যে এ বছর নির্বাচন হচ্ছে না— এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত ও ৩১টি রিপাবলিকান-সমর্থিত।
সূত্র: বিবিসি ও আল-জাজিরা