আকর্ষণ, স্নেহ আর বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে একটি সম্পর্ক। তবে গুপ্তচরবৃত্তির জগতে এই একই আবেগ ব্যবহৃত হয় সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে। নৈশভোজের আমন্ত্রণ, কোনও পার্টিতে হঠাৎ দেখা হওয়া কিংবা আপাতদৃষ্টিতে নিরীহ কোনও অনলাইন কথোপকথন; এসবের পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনও গোয়েন্দা অভিযান। প্রলুব্ধ করে কাউকে ফাঁদে ফেলা, আস্থা অর্জন করে গোপন তথ্য হাতিয়ে নেওয়া কিংবা ব্ল্যাকমেল করার এই কৌশলকেই বলা হয় ‘হানিট্র্যাপ’।
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক এই প্রাচীন গোয়েন্দা কৌশলকে নতুন করে আলোচনায় এনেছে। চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহের তালিকায় থাকা সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনাল-এর সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর সামনে আসায় প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত সম্পর্ক কি প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তার মতো সংরক্ষিত জগতে প্রবেশের পথ হয়ে উঠতে পারে? জেনসেন হুয়াং স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকার বিষয়টি স্বীকার করলেও তাকে উদ্দেশ্যমূলকভাবে কোনও গোয়েন্দা অভিযানের লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনও প্রমাণিত নয়। চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং এনভিডিয়া জানিয়েছে, তাদের কোনও গোপন তথ্য বা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয় ফাঁস হওয়ার কারণ তারা দেখছে না।
‘হানিট্র্যাপ’ শব্দের উৎপত্তি
‘হানিপট’ শব্দটি ইংরেজি ভাষায় শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত, যার রূপক অর্থ হলো আকর্ষণীয় কোনও কিছু যা মানুষকে কাছে টানে। তবে গুপ্তচরবৃত্তির সঙ্গে এর সংযোগ ঘটে অনেক পরে। ১৯৭৪ সালে ব্রিটিশ গোয়েন্দা ঔপন্যাসিক জন লে ক্যারে তার ‘টিঙ্কার টেইলর সোলজার স্পাই’ উপন্যাসে শব্দটি জনপ্রিয় করে তোলেন। এই কৌশল কেবল নারীদের মাধ্যমে পুরুষদের ফাঁদে ফেলায় সীমাবদ্ধ নয়; প্রভাবশালী বা গোপন তথ্যে প্রবেশাধিকার রয়েছে এমন নারীদের সঙ্গে সম্পর্ক গড়তে পুরুষ এজেন্টদেরও ব্যবহার করা হয়।
মাতা হারি থেকে রোমিও গুপ্তচর
প্রলোভন ও গুপ্তচরবৃত্তির ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম মাতা হারি। প্রথম বিশ্বযুদ্ধের আগে প্যারিসে এক নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি পাওয়া ডাচ ইস্ট ইন্ডিজে জন্মগ্রহণকারী এই নারী ইউরোপের অভিজাত সমাজ ও সামরিক কর্মকর্তাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জার্মানির কাছে তথ্য পাচারের অভিযোগে ফরাসি কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং সামরিক আদালতের বিচারে ১৯১৭ সালের অক্টোবরে ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে ‘বেটি প্যাক’ ছদ্মনামে কাজ করতেন মার্কিন বংশোদ্ভূত অ্যামি এলিজাবেথ থর্প। কূটনৈতিক মহলে সম্পর্কের সূত্র ধরে তিনি নাৎসি জার্মানির সহযোগী ভিশি শাসনের কাছ থেকে ফরাসি নৌবাহিনীর কোডসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন, যা ১৯৪২ সালে উত্তর আফ্রিকায় মিত্রবাহিনীর অভিযানে কাজে লাগে।
স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থা এইচভিএ-এর প্রধান মার্কাস উলফ এই কৌশলকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। পঞ্চাশের দশকে তিনি পশ্চিম জার্মানির সরকারি দফতর ও গোয়েন্দা সংস্থায় কর্মরত নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে সুদর্শন ও শিক্ষিত পুরুষ এজেন্ট নিয়োগ দেন, যারা ‘রোমিও স্পাই’ বা রোমিও গুপ্তচর নামে পরিচিত ছিলেন। যুদ্ধ-পরবর্তী জার্মানিতে পুরুষের সংখ্যা কমে যাওয়ায় অনেক নারী গুরুত্বপূর্ণ সরকারি পদে আসীন হয়েছিলেন। এই এজেন্টরা বছরের পর বছর সম্পর্ক টিকিয়ে রেখে আবেগীয় নির্ভরতা তৈরি করতেন এবং ভবিষ্যতের দোহাই দিয়ে গোপন নথি হাতিয়ে নিতেন।
প্রফিউমো কেলেঙ্কারি ও আধুনিক ডিজিটাল যুগ
১৯৬১ সালে ব্রিটেনের যুদ্ধবিষয়ক মন্ত্রী জন প্রফিউমো তরুণী মডেল ক্রিস্টিন কিলারের সঙ্গে সম্পর্কে জড়ান, যার সোভিয়েত নৌ-অ্যাটাশে ইয়েভজেনি ইভানভের সঙ্গেও সম্পর্ক ছিল। ১৯৬৩ সালে বিষয়টি জানাজানি হলে সংসদে মিথ্যা বলার দায়ে প্রফিউমো পদত্যাগ করেন এবং হ্যারল্ড ম্যাকমিলানের রক্ষণশীল সরকার বড় ধাক্কা খায়। কিলারকে সোভিয়েত হানিট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল কি না, তার অকাট্য প্রমাণ মেলেনি।
প্রযুক্তির বিকাশের সঙ্গে হানিট্র্যাপের ধরনও বদলেছে। হোটেল কক্ষ বা কূটনৈতিক অনুষ্ঠানের বদলে এখন লিংকডইন, ইনস্টাগ্রাম বা পেশাদার নেটওয়ার্কিং সাইটে ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে প্রথম যোগাযোগ স্থাপন করা হয়। মাসের পর মাস সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত দুর্বলতা জানার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অন্তরঙ্গ ছবি ও কথোপকথন সংগ্রহ করে ব্ল্যাকমেল করা হয়।
জেনসেন হুয়াংয়ের ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনও কম্পিউটার সিস্টেম বা গোপন নথির চেয়েও একজন মানুষের কাছে পৌঁছানো কখনও কখনও বেশি মূল্যবান হয়ে ওঠে। কারণ, একটি সম্পর্ক এমন সব দরজা খুলে দিতে পারে, যা প্রচলিত নজরদারিতে কখনোই সম্ভব নয়।
সূত্র: এনডিটিভি