পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৯৬ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ১৯ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মারাকেশ শহরের ৭১ কি.মি দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের সাড়ে ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মারাকেশ এবং দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় অনেক মানুষ মারা গেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে আল-হাউজ, মারাকেশ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে ২৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫৩ জন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, অনেক ভবনের ফাটল তৈরি হয়েছে। মানুষ বাড়িঘর ফেলে রাস্তায় রাত কাটাচ্ছে।
এই অঞ্চলে ভূমিকম্পগুলো অস্বাভাবিক হলেও অপ্রত্যাশিত নয়। তবে এই মাত্রার ভূমিকম্প ১২০ বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে দেখা যায়নি।
সূত্র: বিবিসি