নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ মার্কিন বাস্কেটবল খেলোয়াড় গ্রেফতার

নাইজেরিয়ার লাগোসের প্রধান বিমানবন্দর থেকে প্রায় ৩৩ দশমিক ৯৫ কেজি (৭৫ পাউন্ড) গাঁজাসহ যুক্তরাষ্ট্রের এক বাস্কেটবল খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। দেশটির ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ) জানিয়েছে, গ্রেফতার হওয়া ২৮ বছর বয়সী ওই খেলোয়াড়ের নাম গ্রিন দামন্তে খিরি, তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা।

রবিবার এক বিবৃতিতে এনডিএলইএ জানায়, ওই খেলোয়াড় থাইল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে নাইজেরিয়ায় আসেন। গত বুধবার বিমানবন্দর কর্মকর্তারা লক্ষ করেন, তিনি নিজের দুটি চেক-ইন ব্যাগ ফেলে রেখে শুধু হাতব্যাগ নিয়ে বিমানবন্দর ত্যাগের চেষ্টা করছেন। পরে তার নাম লেখা ওই দুটি ব্যাগ থেকে ‘লাউড’ নামে পরিচিত উচ্চ ক্ষমতাসম্পন্ন গাঁজার ৩২টি প্যাকেট ও একটি ট্র্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়।

সংস্থাটি জানায়, জিজ্ঞাসাবাদে ওই খেলোয়াড় দাবি করেন যে তিনি থাইল্যান্ডে পেশাদার বাস্কেটবল খেলতেন এবং ক্যারিয়ারের জন্য নেটওয়ার্ক গড়ে তুলতে নাইজেরিয়ায় এসেছেন। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এনডিএলইএ আরও জানায়, সন্দেহভাজন ব্যক্তির ফোন পরীক্ষা করে মাদক পাচার কর্মকাণ্ডে তার জানাশোনা ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) তালিকায় দামন্তে গ্রিন নামে এক খেলোয়াড়ের নাম রয়েছে, যিনি সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর থাইল্যান্ডে ফুকেট এলিট কাপে খেলেছিলেন।

জাতিসংঘের তথ্যমতে, একসময় মাদক পাচারের ট্রানজিট হিসেবে পরিচিত নাইজেরিয়া বর্তমানে অবৈধ মাদকের উৎপাদনকারী, ভোক্তা ও বিতরণকারী দেশে পরিণত হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটিতে একটি মেথামফেটামিন ল্যাব ধ্বংসসহ এক মেক্সিকান মাদক সম্রাটকে এবং আগস্টে যুক্তরাজ্যে পাচারের চেষ্টাকালে প্রায় ২ কোটি ৮০ লাখ ডলারের কোকেনসহ এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি