যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন কমলা হ্যারিস। এই জয়ের তিনি তিনটি ইতিহাস গড়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, প্রথম অশ্বেতাঙ্গ ভাইস এবং প্রথম এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।
এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থিতা প্রত্যাশী ছিলেন কমলা। কিন্তু পরে সরে দাঁড়ান। আগস্টে বাইডেন তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন।
ভারতীয় মা আর জ্যামাইকান বাবার সন্তান কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের নেতৃত্বের এমন স্তরে পৌঁছে গেছেন যেখানে তার আগে কোনও নারী পৌঁছাতে পারেননি। শৈশবের শুরুর দিনগুলোতেই কমলা শিখেছিলেন বর্ণ সমতা অর্জনের রাস্তা দীর্ঘ।
নির্বাচনি প্রচারকাল জুড়েই কমলা তার সঙ্গে মিলিত হওয়া মানুষদের বাবা-মায়ের সংগ্রামের গল্প শুনিয়েছেন কমলা। বলেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে তার বাবা-মা নাগরিক অধিকারের জন্য সংগ্রাম করেছেন- আর তাদের পূর্বসূরিরা সেই সংগ্রামের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন।
নির্বাচনের আগে টেক্সাসে এক ভাষণে কমলা বলেন, তিনি একা দায়িত্ব নিতে পারেন কিন্তু তা হবে সকলের জন্য সংহতির। মূলত কৃষ্ণাঙ্গ শ্রোতাদের উদ্দেশে সেই ভাষণে তিনি বলেন, ‘হ্যা, বোনেরা কখনও কখনও আমাদের মনে হতে পারে ওই ঘরে আমরা একাই হাঁটছি। কিন্তু একটা বিষয় আমরা সকলেই জানি ওই ঘরে আমরা একা হাঁটতে পারতাম না- আমরা সকলেই সেই ঘরে একসঙ্গে রয়েছি।’
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ হিসেবে ওই পদে নির্বাচিত হলেন। ৫৬ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে রাজনৈতিক ক্যারিয়ার জুড়েই নানা মাইলস্টোন তৈরি করেছেন তিনি।
প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলও নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন। মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষের ইতিহাসের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী তিনি।
১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে জন্ম হয় কমলার। তার মা ভারত থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কমলার বাবার নাম ডোনাল্ড জে হ্যারিস। তিনি একজন অর্থনীতিবিদ। একসময় জ্যামাইকা থেকে তিনি আমেরিকায় গিয়েছিলেন।
অনেকেই ধারণা করছেন, ৭৭ বছর বয়সী জো বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রার্থী হবেন না, তা প্রায় নিশ্চিত। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হতে পারেন কমলা।