হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি বিপর্যয় অবস্থা জারি করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত আদেশ জারি করেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ২০২৫ সালে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথম কোনও মার্কিন অঙ্গরাজ্য হিসেবে নিউ ইয়র্কে এমন জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

গ্রামাঞ্চলে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় মাম্পস ও রুবেলাসহ হামের (এমএমআর) টিকাদান কর্মসূচির আওতা বাড়াতে স্বাস্থ্যকর্মীদের ক্ষমতা সম্প্রসারিত করেছে রাজ্য প্রশাসন। এক বিবৃতিতে গভর্নর ক্যাথি হোকুল বলেন, টিকা দিয়ে প্রতিরোধযোগ্য একটি রোগে কারও মারাত্মক অসুস্থ হওয়া বা মারা যাওয়া কোনোভাবেই উচিত নয়।

নির্বাহী আদেশের তথ্য অনুযায়ী, চলতি বছরে ৩ অক্টোবর পর্যন্ত নিউ ইয়র্কে ১০৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর থেকে ১৮টি কাউন্টির অনাক্রান্ত বা কম টিকাপ্রাপ্ত গ্রামীণ এলাকায় ৯২টি কেস শনাক্ত হয়েছে, যা স্বাভাবিক বার্ষিক পরিমাণের চেয়ে অনেক বেশি। আক্রান্তদের মধ্যে ৭ জন নিউ ইয়র্ক সিটির এবং ১০১ জন রাজ্যের অন্যান্য অঞ্চলের বাসিন্দা। গত ১৫ জুলাই থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো গ্রামীণ অঞ্চলে ১ হাজারেরও বেশি এমএমআর টিকার ডোজ প্রদান করেছে।

প্রতিবেশী অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও সংক্রমণ তীব্র রূপ নিয়েছে। ২ অক্টোবর পর্যন্ত সেখানে ৯৭৭ জন আক্রান্ত ও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নিউ ইয়র্ক সীমান্তসংলগ্ন গ্রামীণ কাউন্টির বাসিন্দা। সোমবার পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তাদের রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে, যা গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রায় ৩ হাজার ৯০০ জন হামে আক্রান্ত হয়েছেন, যা ১৯৯১ সালের পর সবচেয়ে খারাপ অবস্থা।

ঘোষিত জরুরি আদেশের ফলে নিবন্ধিত নার্সরা হামের সন্দেহভাজন পরীক্ষা করার নির্দেশ দিতে পারবেন এবং ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও টিকা দিতে পারবেন। এছাড়া প্রাপ্তবয়স্কদের সম্মতি ছাড়াই টিকাদানের তথ্য ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য বা সিটি রেজিস্ট্রি পোর্টালে জমা দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। তবে টিকার গ্রহণের ক্ষেত্রে রোগী বা অভিভাবকের সম্মতি বহাল থাকবে। এই আদেশ ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সূত্র: ইউএসএ টুডে