‘জেডি, হাবিবি’: ইতিহাস গড়ে ট্রাম্প-ভ্যান্সকে এল-সাইয়েদের খোঁচা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মুসলিম আমেরিকান সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে খোঁচা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। মিশিগানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করার পর বিজয়ী ভাষণে ট্রাম্প ও ভ্যান্সের নির্বাচনি আক্রমণকেই রাজনৈতিক ট্রল ও ব্যঙ্গে রূপ দেন তিনি।

ভাষণে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে ‘হাবিবি’ সম্বোধন করে ৪২ বছর বয়সী এই ডেমোক্র্যাট বলেন, জেডি, হাবিবি! এর চেয়ে মধুর পরিহাস আর হতে পারে না যে আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী আপনিই আমাকে শপথ পাঠ করাতে বাধ্য।

এরপর এল-সাইয়েদ দৃষ্টি আকর্ষণ করেন ট্রাম্পের দিকে, যিনি নির্বাচনি প্রচারণায় বারবার এল-সাইয়েদের নাম সঠিকভাবে উচ্চারণ করতে হিমশিম খেয়েছিলেন। মিশিগানের স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান ও মিসরীয় অভিবাসীর সন্তান এল-সাইয়েদ বলেন, আমি জানি আমার নাম উচ্চারণ করতে আপনার সমস্যা হয়। তাই জেডি আমাকে শপথ পাঠ করানোর পর আপনি আমাকে শুধু ‘সিনেটর’ বলেই ডাকতে পারেন।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। এতে এফবিআই-এর সাবেক এজেন্ট ও সাতবারের কংগ্রেস সদস্য রজার্সকে হারিয়ে মিশিগানের বিদায়ী সিনেটর গ্যারি পিটার্সের আসনটি ডেমোক্র্যাটদের দখলেই রাখেন এল-সাইয়েদ।

প্রচারণাকালে এল-সাইয়েদের মুসলিম পরিচয়, প্রগতিশীল এজেন্ডা ও পররাষ্ট্রনীতি নিয়ে ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকানদের তীব্র আক্রমণের শিকার হন তিনি। ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলে আখ্যা দেন এবং ৯/১১-এর হামলার কথা স্মরণ করিয়ে এল-সাইয়েদকে ভোট না দেওয়ার আহ্বান জানান। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ তার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনলে এল-সাইয়েদ তা প্রত্যাখ্যান করে জানান, তিনি কখনও এই সংগঠনের সদস্য ছিলেন না এবং হবেনও না। এ ছাড়া ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তার কাছে হেরে যাওয়া হ্যালি স্টিভেন্স ভোটের ঠিক আগে রিপাবলিকান রজার্সকে সমর্থন দিলেও শেষ রক্ষা হয়নি।

এল-সাইয়েদ সবার জন্য স্বাস্থ্যসেবা, নির্বাচনে কর্পোরেট অর্থের প্রভাব কমানো, বৈষম্য দূরীকরণ, বৈদেশিক যুদ্ধ ও ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পক্ষে প্রচার চালিয়েছিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে