যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান বাইরন ডোনাল্ডস। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড জলিকে পরাজিত করে তিনি ইতিহাস গড়েছেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর হওয়ার গৌরব অর্জন করলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বাইরন ডোনাল্ডস বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হবেন। দক্ষিণ ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে দেওয়া বিজয়ী ভাষণে ডোনাল্ডস ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি চাই আপনারা ফ্লোরিডা থেকে শুনুন যে আমরা এখনও ‘লাল’ (রিপাবলিকান)। মি. প্রেসিডেন্ট, আপনাকে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
বিগত ৩০ বছরের বেশি সময় ধরে ফ্লোরিডায় কোনও ডেমোক্র্যাট প্রার্থী গভর্নর পদে জয় পাননি। তবে এবার রিপাবলিকানদের চেয়ে ভোটার নিবন্ধনে ১৫ লাখ পিছিয়ে থাকা সত্ত্বেও সাবেক রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটে রূপ নেওয়া ডেভিড জলি মধ্যপন্থি প্রচার চালিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।
২০১৮ সালে সামান্য ব্যবধানে জিতলেও ২০২২ সালে প্রায় ২০ পয়েন্টের বড় জয়ে ফ্লোরিডাকে শক্ত রিপাবলিকান ঘাঁটিতে পরিণত করেছিলেন রন ডিস্যান্টিস। সেই ধারা বজায় রেখে বাইরন ডোনাল্ডস নিজের তহবিলের শক্তি ও ট্রাম্পের সমর্থন কাজে লাগিয়ে এই ঐতিহাসিক বিজয় নিশ্চিত করলেন।
সূত্র: এপি