যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্বের প্রথম ডার্ক ম্যাজিক মাশরুম বা ভেষজ ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, যা একই সঙ্গে হ্যালুসিনেশন এবং মৃত্যুর কারণ হতে পারে। বৈজ্ঞানিক জার্নাল কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত গবেষণায় মাইকোলজিস্টরা জানিয়েছেন, গ্যালেরিনা ইন্ডিকা নামের এই প্রজাতিটি বিশ্বজুড়ে প্রথম যার মধ্যে সাইকেডেলিক বা মানসিক আবেশ সৃষ্টিকারী এবং বিষাক্ত উভয় উপাদানই রয়েছে।
এর আগে কিছু মাশরুমে শুধু সাইলোসাইবিন (ম্যাজিক মাশরুমের উপাদান) এবং অন্যগুলোতে অ্যামাটক্সিনের মতো বিষাক্ত উপাদান পাওয়া গেলেও একসঙ্গে দুটির উপস্থিতি এই প্রথম মিললো। গবেষণার সহ-লেখক অ্যান্ড্রু কুনিখ বলেন, আমরা জানতাম যে এটি সম্ভব, তবে আরও নিবিড় বিশ্লেষণ না করা পর্যন্ত আমরা খুব বেশি উচ্ছ্বসিত হতে চাইনি।
অন্যান্য সাধারণ বাদামী মাশরুমের মতো দেখতে হওয়ায় এগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন বলে জানান ফ্লোরিডার স্টেট মাইকোলজিস্ট ও গবেষক ম্যাথিউ স্মিথ। তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে এমন আবিষ্কার অত্যন্ত জরুরি। প্রজাতিগুলো সম্পর্কে জানা এবং সেগুলো কোনও সমস্যা তৈরি করতে পারে কি না, তা চিহ্নিত করাই তার কাজের অংশ।
ইউনিভার্সিটি অব ইউটার মাইকোলজিস্ট এবং গবেষণার আরেক সহ-লেখক ব্রিন ডেন্টিঙ্গার জানান, এই ছত্রাকে উভয় উপাদানের উপস্থিতির কারণ সম্ভবত হরাইজন্টাল জিন ট্রান্সফার। বিষয়টিকে তিনি এভাবে ব্যাখ্যা করেন, যেন আমরা হাত মেলালাম এবং আমার ডিএনএর কিছু অংশ আপনার জিনোমে মিশে গেলো।
সূত্র: উইয়ন নিউজ