প্রেমিকের হাত থেকে মুক্তি পেতে বন্ধুদের ভাড়া করে তাকে অপহরণ, ছিনতাই ও হত্যার চেষ্টা চালিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। ভারতের কেরালার মালাপ্পুরম জেলার তিরুরে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত তিন নারী ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকা দুই পুরুষকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত মূল তরুণীর নাম সাফানা (১৯), তিনি পালাক্কাদ জেলার পাত্তাম্বির বাসিন্দা। পরিকল্পনা বাস্তবায়নে তিনি তিরুরের বাসিন্দা নাদিয়া (২০) ও রাবিবা (২৫) এবং ইরশাদ (২৮) ও আজহারউদ্দিন (২৫) নামের বন্ধুদের সাহায্য নেন।
পুলিশের ভাষ্যমতে, পাত্তাম্বিরই এলাকার বাসিন্দা সাফানার প্রেমিক সুপরিকল্পিত এই ফাঁদের বিষয়ে কিছুই জানতেন না। গভীর রাতে তাকে কৌশলে তিরুরে ডেকে নেওয়া হয়। সেখানে অভিযুক্তদের একজন সাফানার কাছে নিয়ে যাওয়ার কথা বললে বিশ্বাস করে নিজের মোটরসাইকেলে করে নির্ধারিত স্থানে যান ওই যুবক। আগে থেকেই ওত পেতে থাকা বাকিরা তাকে জোর করে একটি গাড়িতে তুলে নৃশংসভাবে মারধর করেন। হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে মৃত ভেবে আহত যুবককে মাঝরাতে থাজেপালাম নদীর তীরসংলগ্ন রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
তবে প্রাণে বেঁচে যাওয়া ওই যুবক কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। বুধবার ভোরে তিরুর থানার পরিদর্শক জলিল কারুথেদাথের নেতৃত্বে পুলিশের একটি দল থাজেপালাম এলাকা থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তিরুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়।
তদন্তকারীরা জানান, হামলায় ভাড়া করা দুই যুবক ইরশাদ ও আজহারউদ্দিনের অতীত অপরাধের ইতিহাস ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। উপকূলীয় অঞ্চলে মাদক পাচার, হত্যাচেষ্টা ও সহিংস হামলার একাধিক মামলার আসামি তারা এবং আগেও জেল খেটেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে কেরালা অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট-এর অধীনেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। পুরো ঘটনার নেপথ্য কারণ এবং প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির