এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে প্রপোজ, বিপাকে রুশ যুগল

নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একেবারে চূড়ায় উঠে আলোচিত হওয়া এক রুশ দম্পতি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। জুলাইয়ে ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাউ ও ৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ আকাশচুম্বী ভবনটিতে চড়ে ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার ভালোবাসাকে হারায়, তখন বিশ্ব শান্তি চেনে’ লেখা একটি পতাকা প্রদর্শন করেন। এরপর কুজনেতসভ সঙ্গে সঙ্গে নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন।

মস্কোর বাসিন্দা এই দম্পতি প্রসিকিউটরদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর প্রক্রিয়ায় ছিলেন বলে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের একটি ইমেইলের পর সেই সমঝোতা ভেস্তে যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুনানিতে নিউইয়র্কের ফৌজদারি আদালতে হাজির হন দম্পতি। বহিষ্কারের আশঙ্কা ঘনিয়ে আসায় নিকোলাউকে কাঁদতে দেখা যায়। গণমাধ্যমকে কুজনেতসভ বলেন, ‘আমরা কোনও সম্পত্তির ক্ষতি করিনি। কাউকে বিপদে ফেলার ইচ্ছাও ছিল না। আমরা শুধু ভালোবাসার বার্তা দিতে চেয়েছিলাম, আর নিজেদের পক্ষে লড়তে প্রস্তুত।’

নিকোলাউ বলেন, আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আজকের বিশ্বে এত কষ্টের মধ্যে আমরা এমন একটি পারফরম্যান্স করতে চেয়েছিলাম, যা মানুষের হৃদয়ে থেকে যাবে।

দম্পতির আইনজীবী নোয়াম বিয়ালে জানান, লঘু অপরাধের অভিযোগে দোষ স্বীকারের প্রসিকিউটরদের প্রস্তাব তারা মেনে নিয়েছিলেন। এর বিনিময়ে তারা বিপর্যয়কর অভিবাসন পরিণতি থেকে রক্ষা পেতেন। কিন্তু শুনানির আগের রাতে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

বিয়ালে বলেন, রাশিয়ায় ফেরত পাঠানো হলে কুজনেতসভকে প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেন যুদ্ধে পাঠানো হবে, আর নিকোলাউ তার শৈল্পিক প্রকাশের জন্য কারাদণ্ড পেতে পারেন।

দম্পতির সম্পর্ক ও চরম ঝুঁকিপূর্ণ আরোহণের শখ নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ নির্মিত হয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়।

সূত্র: এনডিটিভি