চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু যুক্তরাষ্ট্রের ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২

যোগাযোগ সমস্যা বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে প্রভাবিত করার পর যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে ছেড়ে যাওয়া ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ তুলে নিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

শুক্রবার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার গ্রিনিচ মান সময় ০১টা ১৫) নির্দেশ প্রত্যাহারের ঘোষণা দেয় এফএএ। কয়েক ঘণ্টা আগে বিকেল ৩টা ৫৪ মিনিটে গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। বিমানগুলোকে এবং ক্রুদের আবার যথাস্থানে ফেরাতে এয়ারলাইনগুলো এখন বিলম্ব ও বাতিলের মুখে।

এফএএ বিকেলে এক্সে জানায়, সাময়িক টেলিযোগাযোগ বিভ্রাট হয়েছে এবং সতর্কতা হিসেবে সব ফ্লাইট স্থগিত হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট কেস-বাই-কেস ভিত্তিতে সামলানো হবে বলেও জানায় সংস্থাটি। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪ হাজারের বেশি বাতিল হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। ফ্লাইটরাডার২৪ জানায়, গ্রাউন্ড স্টপের নির্দেশের সময় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর দিকে আসা ৪ হাজার ৪২টি ফ্লাইট আকাশে ছিল। যোগাযোগ সমস্যা বিমান পরিচালনা নিয়ন্ত্রণকারী ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সবগুলোকেই প্রভাবিত করেছে।

স্বদেশ নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মালিন সাংবাদিকদের বলেন, গ্রাউন্ড স্টপ যুক্তরাষ্ট্রের প্রতি কোনও হুমকি থেকে শুরু হয়েছে, এমন ইঙ্গিত নেই। তিনি বলেন, সবাই নিরাপদ। ফ্লাইটগুলোর হিসাব আছে। এটি আরেকটি ৯/১১ নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। বিমান নিয়ন্ত্রকদের সহায়তায় পরিকল্পিত নতুন এআই টুল চালুর কারণে এমন হয়েছে কি না, জানতে চাইলে মালিন বলেন, কর্মকর্তারা তা বাদ দেননি। তার ভাষ্য, এই মুহূর্তে কিছুই বাদ দেওয়া যায় না। আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।

ব্লুমবার্গ এক কর্মকর্তার বরাতে জানায়, সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড এ বিভ্রাটের কারণ বলে এফবিআই মনে করছে না। ওই কর্মকর্তা বলেন, সফটওয়্যার আপডেট থেকে বিভ্রাট হয়েছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তবে কারণ এখনও নির্ধারিত হয়নি।

ডেমোক্রেটিক সিনেটর ট্যামি ডাকওয়ার্থ এফএএ-এর যোগাযোগ সমস্যার পুঙ্খানুপুঙ্খ ও সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন। এক্সে তিনি লেখেন, আকাশের নিরাপত্তা গড়ে ওঠে বাড়তি ব্যবস্থার ওপর। দেশব্যাপী গ্রাউন্ড স্টপের কারণ যা-ই হোক, তার পুঙ্খানুপুঙ্খ ও সম্পূর্ণ তদন্ত প্রয়োজন। অ্যাভিয়েশন সাবকমিটির র‍্যাঙ্কিং সদস্য হিসেবে তিনি এফএএ-র কাছে জবাব দাবি করবেন বলেও জানান।

যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগ সমস্যা ও নিয়ন্ত্রকের ঘাটতিতে জর্জরিত মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর চাপের সর্বশেষ লক্ষণ এই বিঘ্ন। পুরোনো অবকাঠামো বদলানোর চেষ্টা করছে এফএএ।

এফএএ-র এআই-চালিত বিমান চলাচল ব্যবস্থাপনা ব্যবস্থার নির্মাতা এয়ার স্পেস ইন্টেলিজেন্স (এএসআই) জানায়, দেশব্যাপী গ্রাউন্ড স্টপের জন্য তাদের প্রযুক্তি দায়ী নয়। এক্সে কোম্পানিটি বলেছে, বর্তমান গ্রাউন্ড স্টপ স্মার্ট সিস্টেম, এএসআইয়ের কোনও পণ্য বা এফএএ ও এটিসির সঙ্গে আমাদের সমন্বয়ের ওপর ভিত্তি করে হয়নি বা তার ফল নয়। জুনে স্মার্ট সিস্টেম তৈরি ও মোতায়েনে এএসআইকে ৮৭ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি দিয়েছিল এফএএ। দেশব্যাপী ফ্লাইট স্থগিতের মাত্র কয়েক দিন আগে, ১০ নভেম্বর, ২২টি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রজুড়ে এর সম্প্রসারণ ঘোষণা করেছিল সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় রেল পরিষেবা অ্যামট্র্যাক জানায়, তাদের ওয়েবসাইট ও অ্যাপে ত্রুটির বার্তা দেখাচ্ছে এবং গ্রাহকেরা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়ছেন। আকাশপথে দেশব্যাপী বিঘ্নের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি ফোন আসছে। সংস্থাটি গ্রাহকদের পরে চেষ্টা করার পরামর্শ দিয়েছে।

পাইলট ও এফএএ-র সাবেক নিরাপত্তা দলের প্রতিনিধি কাইল বেইলি আল জাজিরাকে বলেন, আপনি বিশেষজ্ঞ হোন বা না হোন, মূল কথা হলো আমরা এখনও ধাঁধার টুকরো মেলানোর চেষ্টা করছি। অন্তত কয়েক ঘণ্টায় দ্রুত এর উত্তর পাওয়া অসম্ভব। তিনি আরও বলেন, আমরা যা দেখেছি, তা খুবই উদ্বেগজনক এবং সম্ভবত অ্যামট্র্যাকও প্রভাবিত হচ্ছে। বেইলির ভাষ্য, কী ঘটছে তা বুঝতে না পারা পর্যন্ত ফ্লাইট মাটিতে আটকে রাখাই সবচেয়ে নিরাপদ। প্রাথমিক পর্যায়ে কেউ যদি বলেন তিনি জানেন কী কারণে এই সমস্যা, তিনি সৎ নন।

গত বছর কংগ্রেস সংস্কারের জন্য ১২৫০ কোটি ডলার অনুমোদন করেছিল। শুক্রবার পরিবহন বিভাগ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩ হাজার ১০ কোটি ডলার চেয়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে এফএএর একটি গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেম বিকল হওয়ার পর এটিই প্রথম দেশব্যাপী গ্রাউন্ড স্টপ। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখনও টেলিযোগাযোগ বিভ্রাটের কারণ নির্ধারণ করতে পারেনি।

/এসএইচএম/
সম্পর্কিত
সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের
যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি চরমে
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
সর্বশেষ খবর
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক
রাজধানীতে রাস্তার ওপর পড়ে রইলো যুবকের রক্তাক্ত লাশ 
রাজধানীতে রাস্তার ওপর পড়ে রইলো যুবকের রক্তাক্ত লাশ 
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড