পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের মতো ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক ঘিরে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। ইউরোপীয় কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের আশঙ্কা, বৈঠকে ট্রাম্প নির্ধারিত আলোচ্যসূচির বাইরে গিয়ে ইউক্রেন বা তাইওয়ান বিষয়ে এমন কোনও অবস্থান নিতে পারেন, যা মিত্রদের স্বার্থ ক্ষুণ্ন করবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক ইউরোপীয় কূটনীতিক বলেন, আমরা জানি, প্রতিবার প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বললে বা দেখা করলে তা ইউক্রেন ও ইউরোপের জন্য দুঃসংবাদ বয়ে আনে। আমরা যেকোনও কিছুর জন্য প্রস্তুত আছি।

এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যা জাপানের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার ফিলিপাইনের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, এই বৈঠকের মূল লক্ষ্য পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা শুরু করা। বিষয়টিকে ‘কঠিন’ উল্লেখ করে তিনি বলেন, কারণ আমাদের কারও পক্ষেই বলা খুব কঠিন যে আমরা পারমাণবিক অস্ত্র ত্যাগ করব, তাই না?

তবে পাশাপাশি ইরান ও নিজের ‘প্রিয় বিষয়, ইউক্রেন’ নিয়েও কথা বলার ইঙ্গিত দেন তিনি। যদিও এর আগে মার্কিন ও চীনা কর্মকর্তারা বলেছিলেন, এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও আলোচনা হবে না।

গত সপ্তাহে ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক রুদ্ধদ্বার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস প্রকাশ্যে বলেন, পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের বার্তা হলো: অনুগ্রহ করে কোনও চমক দেবেন না।

অনেক মিত্রের আশঙ্কা, এই বৈঠক ১৯৪৫ সালের ‘ইয়াল্টা’ সম্মেলনের মতো বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার বার্তা দিতে পারে।

এদিকে, ট্রাম্প যেদিন শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন, সেদিনই মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বার্লিনে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোসহ মিত্র দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার এক ভার্চুয়াল বৈঠকের পর কুশনার এক্স-এ লিখেছেন, গত চার বছর ধরে ইউরোপ ও রাশিয়ার মধ্যে যে সরাসরি যোগাযোগ অনুপস্থিত ছিল, তা কীভাবে সহজতর করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।

অন্যদিকে, হোয়াইট হাউস দাবি করেছে যে ইউক্রেন আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করতে পুতিন সম্মত হয়েছেন। তবে পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এ ধরনের কোনও চুক্তি হয়নি।

সূত্র: অ্যাক্সিওস