মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ-পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের শেষ দিকে তার এ সফরে ইন্দো-প্যাসিফিক দেশগুলোর জোট কোয়াডের নেতাদের দুই বছরের মধ্যে প্রথম বৈঠক হবে। সফরে তিনি বিক্ষোভের মুখে পড়তে পারেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামে যোগ দেওয়া এবং চীনা ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বহুল প্রত্যাশিত ত্রিপক্ষীয় বৈঠক এ সফরের অংশ। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং এআই চিপে চীনের প্রবেশাধিকারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর এ সফর হচ্ছে, যা দুই দেশের ভঙ্গুর বাণিজ্যযুদ্ধ-বিরতিকে জটিল করতে পারে।
ম্যানিলায় ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে। এর আগে কয়েক দিন ধরে বিক্ষোভে প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা সরবরাহ শৃঙ্খল উদ্যোগ বাতিলের দাবি তোলা হয়েছে।
যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কোয়াড বৈঠক ট্রাম্পের প্রথম এবং জোটটির সর্বশেষ বৈঠকের দুই বছর পর অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন জোটটিকে পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উদ্যোগ মনে করতেন। বৈঠকটি এপেকের আগে হচ্ছে, যার আয়োজক চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কোয়াডকে তিনি বেইজিংকে ঘিরে ফেলার চেষ্টা বলে আগে আপত্তি জানিয়েছেন। কোয়াডের সদস্যরা বলেছেন, জোটটি কোনও একটি দেশের বিরুদ্ধে নয়।
কোয়াড বৈঠক ‘সম্ভাব্য সেরা সংকেত’
সোমবার আসিয়ানের শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বৈশ্বিক বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে চীন ও আসিয়ানের সত্যিই অসাধারণ অর্থনৈতিক অর্জনের প্রশংসা করেন। তিনি মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার এবং ঐক্যবদ্ধ থাকা, হস্তক্ষেপ ঠেকানো ও একসঙ্গে কাজ করার প্রয়োজনের কথা বলেন।
চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ উৎস। তবে ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বেশি সম্মিলিত জিডিপির ১১ সদস্যের এই জোটের বড় অর্থনীতিগুলো ট্রাম্প প্রশাসনের অধীনে দীর্ঘস্থায়ী বাণিজ্য ও কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায়।
যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি সেক্রেটারি অব স্টেট কার্ট ক্যাম্পবেল কোয়াড পুনরায় বৈঠকে বসার সময় ও উদ্যোগের কৃতিত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। তার মতে, ট্রাম্পের অধীনে জোটটির উচ্চাকাঙ্ক্ষা কমে গিয়েছিল। দ্য এশিয়া গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ক্যাম্পবেল বলেন, বৃহস্পতিবারের যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠকে যাওয়ার আগে এটিই সম্ভবত সেরা সংকেত, এটি রুবিওর ভাবনার অংশ।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার বলেন, ট্রাম্পের নেতৃত্বে কোয়াড প্রমাণ করেছে এটি কর্মের অংশীদারত্ব, যা অঞ্চলের কঠিনতম চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করতে সুযোগ তৈরি করছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কোয়াড নেতারা ঐক্য দেখাতে চাইবেন বলে প্রত্যাশা। সামুদ্রিক নিরাপত্তা, রফতানি নিষেধাজ্ঞা, গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনা ও এআই সম্ভাব্য আলোচ্য বিষয়ের মধ্যে আছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, সাবমেরিন ক্যাবল, উদীয়মান প্রযুক্তি ও দুর্যোগ ত্রাণও আলোচনায় আসতে পারে।
চীনে কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের
৩ শতাংশের বেশি কমলো তেলের দাম