দুই দিনে পৃথিবীর দিকে পাঁচ গ্রহাণু, যা বলছে নাসা

দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাচ্ছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গত ১৯ নভেম্বর পৃথিবীর কাছাকাছি এসেছে। বাকি একটি ২০ নভেম্বর পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করার কথা রয়েছে। গ্রহাণুগুলোর আকার ভিন্ন হলেও এগুলো পৃথিবী থেকে নিরাপদ দূরত্বে থাকবে এবং কোনও ক্ষতি করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

তবে নাসার সংজ্ঞা অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর শ্রেণিতে পড়ে। কারণ, এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত বিপজ্জনক ন্যূনতম দূরত্বের মধ্যে রয়েছে।

পৃথিবীর কাছ দিয়ে যাচ্ছে যে পাঁচ গ্রহাণু

নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণুটির নাম ২০২৬ ভিএ১১। এর ব্যাস প্রায় ৪০ ফুট। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে।

দ্বিতীয় গ্রহাণু ২০২৬ টিবি৮৪। এর ব্যাস প্রায় ২১০ ফুট, যা একটি উড়োজাহাজের আকারের কাছাকাছি। পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাওয়ার সময় এটি ছিল ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে।

তৃতীয় গ্রহাণু ২০০৭ ডব্লিউকে৩-এর ব্যাস প্রায় ৬৪ ফুট। এটি পৃথিবী থেকে ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। ১৯ নভেম্বর পৃথিবীর কাছ দিয়ে যাওয়া চতুর্থ গ্রহাণুটির নাম ২০১৮ এনই১। এর আকার প্রায় ২৩০ ফুট। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি ছিল ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূরে। পঞ্চম গ্রহাণু ২০২৬ ভিডি৬। এটি ২০ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। সে সময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।

গ্রহাণু পর্যবেক্ষণ করে নাসা

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির অধীনে সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতু পর্যবেক্ষণ করে। এসব মহাজাগতিক বস্তুর কক্ষপথ, আকার, দূরত্ব ও গতি বিশ্লেষণ করে পৃথিবীর কাছ দিয়ে তাদের অতিক্রমের বিষয়টি মূল্যায়ন করে সংস্থাটি।

নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথ রয়েছে এমন গ্রহাণু ও ধূমকেতুকে পৃথিবীর কাছাকাছি মহাজাগতিক বস্তু হিসেবে বিবেচনা করা হয়। এসব বস্তুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসতে পারে।

সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এসব মহাজাগতিক বস্তুর গতিবিধির ওপর নজর রাখা জরুরি। তবে পর্যবেক্ষণ ও প্রস্তুতি থাকা সত্ত্বেও কখনও কখনও কোনও গ্রহাণু সম্পর্কে আগাম সতর্কবার্তা পাওয়ার আগেই তা পৃথিবীতে আঘাত হানতে পারে।