৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার এক দেশ

পেরুর মধ্য আন্দিজে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী লিমার বাসিন্দা ও আইনপ্রণেতারা জরুরি ভিত্তিতে ভবন থেকে বেরিয়ে আসেন। কম্পন বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলেও উৎপত্তিস্থল অন্তত ১০০ কিলোমিটার গভীরে হওয়ায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত হয়নি।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের (আইজিপি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ২০ তারিখ সন্ধ্যা ৭টা ৯ মিনিটে মধ্য পেরুর জুনিন প্রদেশের জুনিন শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। আইজিপি ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬ দশমিক ৭ নথিভুক্ত করেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) মেপেছে ৬ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১২৯ কিলোমিটার গভীরে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, সুনামির ঝুঁকি নেই।

অ্যাসোসিয়েটেড প্রেসসহ গণমাধ্যমের খবরে বলা হয়, কেন্দ্র থেকে সরলরেখায় প্রায় ১৫০ কিলোমিটার দূরের রাজধানী লিমায় স্পষ্ট কম্পনে আতঙ্কিত বাসিন্দারা ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় টেলিভিশনের ফুটেজে বৈঠকরত আইনপ্রণেতাদের তড়িঘড়ি পার্লামেন্ট ছাড়তে দেখা গেছে।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট (ইনদেসি) জানায়, উৎপত্তিস্থলের কাছে ১২ স্তরের মডিফায়েড মারকালি স্কেলে ৫ মাত্রার তীব্রতার কম্পন অনুভূত হয়েছে, আর লিমায় মাঝারি কম্পন রেকর্ড হয়েছে। ৫ মাত্রার তীব্রতায় ঘুমন্ত মানুষ জেগে উঠতে পারেন এবং ঘরের ভেতরের জিনিসপত্র নড়তে বা পড়ে যেতে পারে, তবে সঠিকভাবে নির্মিত ভবন, ভূমিকম্প-সহনীয় নকশায় তৈরি ভবনসহ, কাঠামোগত ক্ষতি সামান্য হয়।

ইনদেসি জানিয়েছে, এ পর্যন্ত হতাহত বা ভবনের ক্ষতির কোনও খবর তারা পায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম কারেতাস জানিয়েছে, জুনিন প্রদেশের জাউজার কাছে সেন্ট্রাল হাইওয়ের একটি অংশে পাথস ধস হয়েছে।

উচ্চ মাত্রা সত্ত্বেও ক্ষয়ক্ষতি অত্যন্ত সীমিত থাকার প্রধান কারণ হিসেবে গভীর উৎপত্তিস্থলকে দেখা হচ্ছে। উৎপত্তিস্থল ভূগর্ভের গভীরে হলে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে কম্পনশক্তি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে কোনও এক স্থানে প্রভাব কমে যায়।

সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল নিউজ