যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালত তাকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ভাড়াটে খুনি দিয়ে হত্যার চেষ্টা, এ কাজে ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন গুপ্ত। শুক্রবার সাজা ঘোষণার সময় বিচারক জানান, কারাভোগের পর তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে। মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ভারতের এক সরকারি কর্মকর্তা গুপ্তকে পান্নুনকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। পান্নুন খালিস্তান আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। এই আন্দোলনের লক্ষ্য শিখদের জন্য স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠা।
তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। দেশটির সরকার পান্নুনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। যদিও পান্নুন এই অভিযোগ অস্বীকার করে নিজেকে খালিস্তানপন্থি একজন কর্মী বলে দাবি করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক পান্নুন দেশটিতে অবস্থিত শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর মুখপাত্র। ২০১৯ সাল থেকে ভারতে সংগঠনটি নিষিদ্ধ।
এর আগে বিবিসিকে পান্নুন বলেছিলেন, নিখিল গুপ্তের অপরাধ স্বীকারের মধ্য দিয়ে বিচারিকভাবে নিশ্চিত হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যুক্তরাষ্ট্রের মাটিতে পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।
মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব পান্নুনকে হত্যার জন্য গুপ্তকে নিয়োগ করেন। পান্নুনের নিউইয়র্কের ঠিকানা ও দৈনন্দিন চলাফেরার তথ্যসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্যও তাকে সরবরাহ করেন যাদব।
নির্দেশনা অনুযায়ী, গুপ্ত হত্যাকাণ্ড বাস্তবায়নে একজনের সঙ্গে যোগাযোগ করেন। তবে ওই ব্যক্তি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের তথ্যদাতা। তিনি গুপ্তের সঙ্গে এমন একজন ‘ভাড়াটে খুনির’ পরিচয় করিয়ে দেন, যিনি আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের প্রাগ বিমানবন্দর থেকে গ্রেফতার হন গুপ্ত। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। শুক্রবার সাজা ঘোষণার আগপর্যন্ত নিউইয়র্কের একটি কারাগারে আটক ছিলেন তিনি।
গুপ্তের অপরাধ স্বীকারের পর তৎকালীন মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন এক বিবৃতিতে বলেছিলেন, গুপ্ত ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে দেশটির ভেতরে কাউকে হত্যা করেও তিনি পার পেয়ে যাবেন। অথচ ওই ব্যক্তি শুধু তার আমেরিকান বাক্স্বাধীনতার অধিকার প্রয়োগ করছিলেন।
গুপ্ত গ্রেফতারের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছিলেন, বিকাশ যাদব আর ভারত সরকারের কর্মী নন। যুক্তরাষ্ট্রের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে ভারত।
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার এক দেশ
হুথি হামলা ঘিরে ২৪ ঘণ্টায় কতবার সতর্কতা জারি করলো সৌদি আরব?