ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো

অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা এবং বিদেশি প্রতিপক্ষ; বিশেষ করে ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন কর্মকর্তা ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে উঠেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন জানায়, গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে কথিত ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে ইরান। মূলত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের জন্য সংরক্ষিত এসব আবাসনের অনেকগুলোই ১০০ বছরের বেশি পুরোনো এবং সংরক্ষিত সামরিক এলাকার ভেতরে অবস্থিত, যা বাসিন্দাদের বাড়তি নিরাপত্তা দেয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে নিশ্চিত করেছেন, চলতি মাসের শুরুতে ইরানের কাছ থেকে অনির্দিষ্ট হুমকি পাওয়ার পর তিনি একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। গত ২০ নভেম্বর বেসেন্ট বলেন, ইরানিরা যদি আমার পেছনে লেগে থাকে, তার অর্থ হলো তারা চাপে আছে। আমরা তাদের ওপর চাপ অব্যাহত রাখব।

বেসেন্টের আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারও সামরিক আবাসনে উঠেছেন। এ ছাড়া নিরাপত্তার উদ্বেগে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরে গেছেন। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক স্থাপনায় ছিলেন। গত বছর স্টিফেন মিলারের ভার্জিনিয়ার বাড়ির বাইরে বিক্ষোভ ও বাড়ির ঠিকানাসংবলিত প্রচারপত্র বিলি করার পর তিনি স্ত্রী কেটি ও চার সন্তানকে নিয়ে সামরিক আবাসনে ওঠেন।

সিএনএন জানায়, সামরিক আবাসনে থাকা মন্ত্রিসভার সদস্যদের মাসে সাধারণত সাড়ে চার হাজার ডলারের বেশি ভাড়া গুনতে হয়। তবে বেসামরিক কর্মকর্তাদের সামরিক আবাসন ব্যবহারের এই ক্রমবর্ধমান প্রবণতার সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এর আগে ফোর্ট ম্যাকনেয়ারে হেগসেথের বাসভবন মেরামত ও সংস্কারে সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য সামনে আসার পর গত বছর তিনিও সমালোচনার মুখে পড়েছিলেন।

সূত্র: উইয়ন নিউজ