কারাগারের দখল নিয়ে বন্দিদের মুক্ত করলো তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজাজান প্রদেশে শনিবার একটি কারাগারের দখল নিয়েছে তালেবান। পরে সেখানকার সব বন্দিদের মুক্ত করে দেয় তারা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রাদেশিক রাজধানী শেবারগানের ওই কারাগার ছাড়ছে শত শত কয়েদি।

শেবেরগান শহরটি দখলে প্রথমে কিছুটা প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত তালেবানের হাতে পর্যুদস্ত হয় সরকারি বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের গ্রামীণ এলাকার বদলে এখন প্রাদেশিক শহরগুলোতে হামলা জোরদার করেছে। সশস্ত্র সংগঠনটির তিন কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি তালেবানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার পর তাদের কৌশলে এই পরিবর্তন আনা হয়েছে।

আফগানিস্তানে ২০ বছর যুদ্ধের দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে ৯০ শতাংশ মার্কিন ও বিদেশি সেনা চলে গেছে। ৩১ আগস্টের মধ্যে অবশিষ্ট সেনা প্রত্যাহার চূড়ান্ত হবে। গত মাসে যুক্তরাষ্ট্রের একজন আঞ্চলিক কমান্ডার জানিয়েছেন, তালেবান হামলা বৃদ্ধির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও আফগানিস্তান বাহিনীর সহযোগিতায় বিমান হামলার সংখ্যা বাড়িয়েছে। মার্কিন এসব হামলার নিন্দা জানিয়েছে তালেবান।

দলটির কান্দাহারভিত্তিক একজন কমান্ডার তাদের সামরিক প্রধানের যুক্তি তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র যখন তাদের প্রতিশ্রুতি রাখেনি তখন তালেবান কেন চুক্তি মেনে চলবে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক আফসানদিয়ার মির বলেন, তালেবানরা প্রাদেশিক রাজধানীগুলোর দিকে আগাচ্ছে। তাদের এই অভিযান শুধু চাপ প্রয়োগের জন্য নয়, বরং দখলের জন্য। সূত্র: বিবিসি, রয়টার্স।