আফগানিস্তানের স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)-এর সঙ্গে তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের সংযোগ রয়েছে। শুক্রবার তিনি বলেন, বিশেষ করে কাবুলে যারা কার্যক্রম চালাচ্ছে তাদের এই সংযোগ বেশি রয়েছে।
আইএস-এর সঙ্গে সংযোগ থাকার কথা অস্বীকার করায় তালেবানের কঠোর সমালোচনাও করেন আমরুল্লাহ সালেহ। তিনি বলেন, এই সেই ধরনের অস্বীকার যেমনটি পাকিস্তান কোয়েটা সুরা অস্বীকার করে।
আমরুল্লাহ সালেহ বলেন, ‘আমাদের হাতে থাকা প্রত্যেকটি প্রমাণে দেখা যাচ্ছে, আইএস-কে সেলের শেকড় তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কে রয়েছে, বিশেষ করে কাবুলে কার্যক্রম চালানোদের সঙ্গে। তালেবান আইএস-এর সঙ্গে সংযোগ অস্বীকার একই রকম, যেভাবে পাকিস্তান কোয়েটা সুরা অস্বীকার করে। প্রভুদের কাছ থেকে তালেবান এটা ভালো করেই শিখেছে।’
এর আগে আমরুল্লাহ সালেহ সন্ত্রাসী কারখানা স্থাপন এবং তালেবানের হাতে বিস্ফোরক দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেন। তিনি বলেন, কোয়েটা সুরা হলো পাকিস্তানি সামরিক বাহিনীর পরিকল্পনা বাস্তবায়নের একটি টাইটেল।
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস-কে।