তাইওয়ানের ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতি রয়েছে, এমন কথা নিজেই জানালেন দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এক সাক্ষাৎকারে সাই বলেন, প্রশিক্ষণ ও সহায়তার জন্যই অল্প সংখ্যক মার্কিন সেনা তাইওয়ানে অবস্থান করছে।
গত কয়েক মাসে দফায় দফায় রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ান আকাশ প্রতিরক্ষা জোনে। এ নিয়ে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। তাইওয়ানকে বশে আনতেই মূলত যুদ্ধবিমান পাঠিয়ে চাপ সৃষ্টি করছে বেইজিং। তবে সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট পরিষ্কার বার্তা দেন, ‘তাইওয়ান কখনও চাপের কাছে মাথা নত করবে না’।
এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সাক্ষাৎকার দেন দ্বীপটির প্রেসিডেন্ট সাইং ইং ওয়েন। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সেনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ‘তাইওয়ানে কিছু মার্কিন সেনা আছে। তারা আমাদের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। চীন যদি আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এই বিশ্বাস আমার আছে’। তবে তাইওয়ানে কত মার্কিন সেনা রয়েছে তা নিশ্চিত করেননি তিনি।