ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোট দিতে শুরু করেছেন ভোটাররা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৮টি আসনে ভোট হবে আজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

দ্বিতীয় ধাপের এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন  ১ হাজার ২০০ জনেরও বেশি প্রার্থী। তাদের মধ্যে মণিপুরের ৪ প্রার্থী রয়েছেন।

এবার সাত ধাপে লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হচ্ছে। এই নির্বােচনে ৫৫ লাখ ইলেকট্রনিং ভোটিং মেশিন ব্যবহার করে ৯৬ কোটি ৯০ লাখ নিবন্ধিত ভোটার ভোট দেবেন।

সাত ধাপের এই নির্বাচনের প্রথম পর্বের ভোট হয়েছিল ১৯ এপ্রিল। ওইদিন ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট হয়।

তৃতীয় ধাপের ভোট হবে ৭ মে। পরবর্তী ধাপগুলোর ভোট হবে যথাক্রমে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আর ৪ জুন নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।