স্বল্পপাল্লার একাধিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটি পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ং থেকে স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে নিক্ষেপ করা হয়। সমুদ্রে তলিয়ে যাওয়ার আগে সেগুলো প্রায় ৩৬০ কিলোমিটার (২২৩ দশমিক ৭ মাইল) ভ্রমণ করেছিল। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল সে সংখ্যা উল্লেখ করেননি তিনি।
একটি বিবৃতিতে এটি জানিয়েছে, ‘আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানাই। এটি একটি সুস্পষ্ট উস্কানি যা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে হুমকিন মুখে ফেলে।’
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় সাড়ে ৩শ’ কিলোমিটারের বেশি উড়ে গেছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, টোকিও এই উৎক্ষেপণের তীব্র নিন্দা এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এর আগে, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরায় নিশ্চিত করতে গত সপ্তাহে সিউল সফর করেছিলেন।
কিশিদা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নজরদারি ও সহযোগিতার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এক বিবৃতিতে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের পরমাণু দূতরা ফোনে কথা বলেছেন এবং এই উৎক্ষেপণকে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এসময় উত্তর কোরিয়ার যেকোনও ধরনের উসকানির জবাব দেওয়ার অঙ্গীকার করেন তারা।