কুরস্কে উ. কোরীয় সেনা মোতায়েন করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের

রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক ইউনিট মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধান এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই গোয়েন্দা প্রধান দাবি করেছেন, রাশিয়ার সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ১২ হাজার উত্তর কোরীয় সেনা যোগ দিয়েছেন।

একটি লিখিত বিবৃতিতে, গোয়েন্দা প্রধান বলেন, সামরিক এই ইউনিটগুলোকে রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়ার পর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো হয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগের মতে, ১২ হাজার সেনার মধ্যে ৫০০ জন অফিসার ও তিনজন জেনারেল রয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সেনাদের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ, বিছানা, শীতের পোশাক, জুতা ও পরিচ্ছন্নতা সরঞ্জাম দেওয়া হয়েছে।