বিশ্ববাজারে অস্থিরতা ও হাজারো মানুষের প্রাণ কেড়ে নেওয়া ধ্বংসাত্মক যুদ্ধের সপ্তম সপ্তাহে এসে এক ঐতিহাসিক মুহূর্তে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। গত দুই সপ্তাহ আগে ঘোষিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এই উচ্চপর্যায়ের সংলাপ শুরু হলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউস দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগ। এর আগে ২০১৩ সালে বারাক ওবামা ও হাসান রুহানির মধ্যে ফোনালাপ এবং পারমাণবিক চুক্তি নিয়ে জন কেরি ও জাভেদ জারিফের মধ্যে বৈঠকই ছিল এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি শুরু থেকেই এই যুদ্ধের সমালোচক এবং ইরানকে সতর্ক করে বলেছেন, তারা যেন যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনও চালাকি করার চেষ্টা না করে। অন্যদিকে, ইরানি দলের নেতৃত্বে আছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক এই কমান্ডার যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে আসছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা কমানোসহ তেহরানের দেওয়া কিছু পূর্বশর্ত পূরণের পর পাকিস্তানসহ এই ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। এর আগে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠকে ইরানি প্রতিনিধিরা তাদের কঠোর শর্তগুলো জানিয়ে দেন। যার মধ্যে রয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা।
বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চললেও তা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা চলবে। গত বুধবার বৈরুতে ইসরায়েলি হামলায় ৩০০ জনের বেশি নিহত হয়েছে, যা যুদ্ধের শুরু থেকে লেবাননে এক দিনে সর্বোচ্চ প্রাণহানি। শনিবারও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুদ্ধের কারণে বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ পরিবাহী পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৪ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই প্রণালি মুক্ত করার কাজ শুরু করেছে। অন্যদিকে, ইউরোপের বিমানবন্দরগুলো সতর্ক করেছে যে, এই অচলাবস্থা না কাটলে তিন সপ্তাহের মধ্যে মহাদেশটিতে বিমান জ্বালানির চরম সংকট দেখা দিতে পারে।
এই আলোচনার গুরুত্ব বিবেচনা করে চীন, মিসর, সৌদি আরব ও কাতারের কর্মকর্তারা বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। তারা পরোক্ষভাবে এই আলোচনা সফল করতে মধ্যস্থতা করছেন। তেহরানের সাধারণ মানুষ এই আলোচনা নিয়ে সন্দিহান হলেও কিছুটা আশাবাদী। ৬২ বছর বয়সী আমির রাজ্জাই ফার বলেন, ‘শুধু শান্তিই যথেষ্ট নয়, আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইরান ১০ দফার একটি প্রস্তাব দিয়েছে যেখানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও আঞ্চলিক মিত্রদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ১৫ দফার প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার ওপর জোর দিয়েছে।