এটা প্রথম উইকেটের পতন, এখানেই থামবো না: সিজেপির অভিজিৎ দিপকে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলন সাফল্যের ‘কেবল শুরু’ বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর আসার পর প্রতিক্রিয়া জানিয়ে অভিজিৎ দীপকে বলেন, এটি কেবল প্রথম উইকেটের পতন হলো। আমরা এখানেই থেমে যাবো না। এটি তো কেবল শুরু। গত ৩৬ দিন ধরে যারা এখানে অবস্থান করছেন, সেই সব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের আমি সালাম জানাই।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেও আন্দোলনস্থল যন্তর মন্তরের প্রবেশদ্বারে হাজার হাজার মানুষের দীর্ঘ সারি ও ভিড় দেখা গেছে। তীব্র ভিড় ঠেলে সাধারণ মানুষ যন্তর মন্তরের দিকে অগ্রসর হচ্ছেন। আন্দোলনস্থলের ভেতরে অবিরত স্লোগান চলছে। অবস্থানরত আন্দোলনকারীদের একাংশ স্লোগান দেন, সংগ্রাম এখনও জারি আছে, এবার লক্ষ্য ই-২০।

তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঞ্চ থেকে বারবার শান্তিরক্ষা করার আবেদন জানানো হচ্ছে।

এর আগে দুপুর ২টার দিকে যন্তর মন্তর আন্দোলনস্থল থেকে সংসদ মার্গমুখী সড়কে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

সূত্র: দ্য হিন্দু