টাইফুন নউলের প্রভাবে ঝড়ো বাতাস বইছে ও ভারি বৃষ্টি হচ্ছে দক্ষিণ চীনে। রবিবার ভোরে চীনের দক্ষিণের কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে আঘাত হানে বছরের ১২তম টাইফুন নউল।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে হুইতোং কাউন্টিতে সরাসরি আঘাত হানে এ টাইফুন।
ঝড়ের প্রভাবে শনিবার মধ্যরাত থেকেই হুইতোংয়ে শুরু হয় প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি। উপকূলীয় বন্দর এলাকায় গাছ, ল্যাম্পপোস্ট, বিলবোর্ড ও বাস্কেটবল স্ট্যান্ড উপড়ে পড়ে থাকতে দেখা যায়।
টাইফুন মোকাবিলায় শনিবার সকাল ৯টায় সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে শিক্ষা, কর্মস্থল, উৎপাদন, পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৭০ হাজারের বেশি মানুষকে। খোলা হয়েছে তিনশোর বেশি বেশি আশ্রয়কেন্দ্র।
এদিকে, পার্শ্ববর্তী চিয়াং শহরের হুইলাই কাউন্টিতেও বইছে প্রবল ঝড়ো বাতাস। এতে উপড়ে গেছে বড় বড় গাছ, ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন উদ্ধারকর্মী ও পৌরসভা কর্মীরা।
সূত্র: সিএমজি