ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে বিমার ৪৪ লাখ রুপি হাতিয়ে নিতে নিজের স্ত্রী রিতাকে পিটিয়ে হত্যা করে তা সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার নাটক করেছেন এক ব্যক্তি। অভিযুক্ত স্বামী আমার সিং নিজেই থানায় গিয়ে স্ত্রী নিখোঁজের ডায়েরি করতে গেলে পুলিশের জেরার মুখে আসল ঘটনা বেরিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার ভার্মা জানান, সন্দেহ হলে পুলিশ কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে আমার সিং স্বীকার করেন যে বিমার অর্থের লোভে তিনি তার তিন সহযোগীকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেন। এরপর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজাতে লাশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়।
বুধবার রাতে লালপুরা এলাকার একটি মন্দিরের কাছ থেকে রিতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে শরীরে ১২টিরও বেশি আঘাত এবং কিডনি ছাড়া সব অভ্যন্তরীণ অঙ্গ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিতার আগের স্বামীর ঘরে চার সন্তান রয়েছে। আগের স্বামীর মৃত্যুর পর কানপুরে আমার সিংয়ের সঙ্গে পরিচয় ও দুই বছর আগে বিয়ে হয়। দুই মাস আগে আমার সিং স্ত্রীর নামে ৪৪ লাখ রুপির বিমা পলিসি খোলেন এবং প্রথম কিস্তি হিসেবে ২ লাখ ৬০ হাজার রুপি জমা দেন।
পুলিশ অভিযুক্ত স্বামী ও তার সহযোগীদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। বর্তমানে রিতার সন্তানরা মৈনপুরীতে তাদের দাদা-দাদির সঙ্গে থাকছে।
সূত্র: এনডিটিভি