রাশিয়া-ভারত রেললাইন তৈরির প্রস্তাব

সমুদ্রপথের ওপর নির্ভরতা কমিয়ে ভারত মহাসাগরে প্রবেশাধিকার পেতে এবার ভারত পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপ্রধানমন্ত্রী মারাত খাসনুলিন এই সম্ভাবনার কথা জানান। গুরুত্বপূর্ণ জলপথগুলোর ঝুঁকি এড়াতে ভিন্ন পথ অনুসন্ধানের অংশ হিসেবে এই ধারণার কথা জানিয়েছেন তিনি।

উপপ্রধানমন্ত্রী মারাত খাসনুলিন জানান, রাশিয়া থেকে শুরু করে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তান অতিক্রম করে ভারতে পৌঁছাবে, এমন একটি রেলপথের পথ রুট খতিয়ে দেখা উচিত। রাশিয়ার লক্ষ্য হলো যেকোনও উপায়ে ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করা। তবে বিষয়টি আপাতত কেবল প্রস্তাবনার পর্যায়েই রয়েছে। রাশিয়া-ভারতের মধ্যে কোনও যাত্রীবাহী ট্রেন, নির্দিষ্ট রুট, টিকিটের দাম কিংবা চালুর তারিখ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।

মূলত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথগুলোর বিকল্প হিসেবেই এই স্থলপথের চিন্তা করা হচ্ছে। বর্তমানে বিশ্ব বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ খনিজ তেল এবং ২০ শতাংশ এলএনজি পরিবাহিত হয় পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে। খাসনুলিন জানান, বসফরাস প্রণালি এবং হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা বিভিন্ন দুশ্চিন্তা ও অনিশ্চয়তার কারণে বিকল্প স্থলপথ রাশিয়ার জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

রাশিয়া থেকে ভারত মহাসাগরের দিকে এমন রেলপথ তৈরি হলে কেবল সামুদ্রিক পথের ওপর নির্ভর না করে সহজেই পণ্য পরিবহন করা সম্ভব হবে। পাশাপাশি এটি বাস্তবায়িত হলে ভারতের জন্য রাশিয়া ছাড়াও মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্থলপথের যোগাযোগ মজবুত হবে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে স্থায়ী স্থলযোগাযোগ স্থাপিত হলে তা পর্যটকদের যাতায়াতের পথও উন্মুক্ত করতে পারে। তবে আলোচনার মূল বিষয় হলো, রাশিয়া ভারতের দিকে এমন একটি স্থলভিত্তিক আন্তর্জাতিক সংযোগ গড়ে তোলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

সূত্র: এনডিটিভি