যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে

চীনের শেনঝেন শহরে অবস্থিত দামেয়শা বিচ কেবল নিজ দেশেই নয়, বিশ্বজুড়েই অন্যতম ব্যস্ততম সমুদ্রসৈকত হিসেবে পরিচিত। মাত্র ১.৮ কিলোমিটার দীর্ঘ এই বালুকাবেলা বিশেষ করে ছুটির দিনগুলোতে জনসমুদ্রে পরিণত হয়, যা সামলাতে একাধিক পদক্ষেপ নিতে হয় স্থানীয় প্রশাসনকে।

ট্রিপঅ্যাডভাইজরের মতো ভ্রমণভিত্তিক প্ল্যাটফর্মগুলোতে ক্ষুব্ধ পর্যটকদের রিভিউ পড়লেই এই ভিড়ের ভয়াবহতা টের পাওয়া যায়। অনেকেই অভিযোগ করেছেন, প্রচণ্ড ভিড়ের কারণে তারা এমনকি পানির কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারেননি। বিনামূল্যে প্রবেশাধিকারের পাশাপাশি একাধিক বাস রুট ও একদম সৈকতের সামনে মেট্রোরেল স্টেশন থাকায় স্থানীয় ও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই স্থানটি।

অতিরিক্ত ভিড় এড়াতে সম্প্রতি শেনঝেন কর্তৃপক্ষ মে থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৮০ হাজার দর্শনার্থী প্রবেশের ওপর সীমাবদ্ধতা জারি করেছে, যার জন্য প্রয়োজন হয় বাধ্যতামূলক অগ্রিম রিজার্ভেশন ব্যবস্থা। অথচ এই সৈকতে একসময়ে এক সঙ্গে প্রায় ২ লাখ মানুষ পর্যন্ত সমবেত হয়েছে, যেখানে হাঁটাচলা তো দূরের কথা, সূর্যস্নান বা সাঁতার কাটাও অসম্ভব হয়ে পড়েছিল।

অনলাইনে নেতিবাচক রিভিউ থাকা সত্ত্বেও গ্রীষ্মের মৌসুমে দামেয়শা সৈকতের সামুদ্রিক ভিড়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ভাইরাল হয় এবং স্থানটি চরম জনপ্রিয় থাকে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল