নেপাল-চীন সীমান্তে বন্যা পরিস্থিতির পর অন্তত ২৮৮ জন ভারতীয় নাগরিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া চীনের অংশে তিব্বতে আরও অন্তত ২০০ জন ভারতীয় নাগরিক আটকে পড়েছেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কৈলাশ মানসরোবর যাত্রায় গিয়ে নেপালে আটকে পড়া তামিলনাড়ুর ২১ জন ভারতীয় নাগরিককে ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জানান, বন্যার পর চীনের তিব্বতে প্রায় ২০০ জন ভারতীয় আটকা পড়েছেন। তারা সবাই কৈলাশ মানসরোবর তীর্থযাত্রার জন্য সেখানে গিয়েছিলেন।
তিনি বলেন, বেইজিংয়ে অবস্থিত আমাদের দূতাবাস তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিব্বতে আটকে পড়া ভারতীয়দের মধ্যে ৯৫ জন মাউন্ট কৈলাশের পাদদেশের ছোট্ট শহর দারচেনে অবস্থান করছেন উল্লেখ করে জয়সোয়াল বলেন, তারা বর্তমানে সীমান্ত শহর হিলসার দিকে এগিয়ে যাচ্ছেন, যেখান থেকে তারা নেপালে প্রবেশ করবেন বলে আশা করছেন।
মুখপাত্র আরও জানান, সাহায্যের জন্য যোগাযোগ করা অন্যান্য ভারতীয় নাগরিকরা তিব্বতের জিলং এবং জুপুলতুক শহরে অবস্থান করছেন। তারাও বর্তমানে নেপাল সীমান্তের দিকে রওনা হয়েছেন।
Update on Indian nationals rescued in Nepal.
— Randhir Jaiswal (@MEAIndia) August 27, 2026
21 Indian nationals from Tamil Nadu, who travelled for the Kailash Mansarovar Yatra, have been rescued in Nepal.
Details below ⬇️ pic.twitter.com/zOWUtB30A2