সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩

ভারতের মুম্বাইয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। কালো রঙের বিএমডব্লিউটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে চার জনকেই নায়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন। ২০ বছর বয়সী এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ২১ বছর বয়সী শনয় গজ্জল ও ১৭ বছর বয়সী ধিরিয়া শেঠের পরিচয় জানা গেছে। নিহত অপর ২৫ বছর বয়সী যুবকের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

ভোর ৫টা ২০ মিনিটের দিকে কোস্টাল রোড কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর আসে। গাড়িটি সেতুর ঝুলন্ত একটি সাইনবোর্ড ভেঙে ফেলে। দুর্ঘটনায় বিএমডব্লিউটির ছাদ দুমড়ে যায়, উইন্ডশিল্ড চূর্ণ হয়ে যায় এবং সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়।

সূত্র: এনডিটিভি