এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত

প্রলোভনে পড়ে মালয়েশিয়ায় গিয়ে চাকরি খোঁজা থেকে নিজেদের নাগরিকদের বিরত থাকতে সতর্ক করেছে কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন। দেশটির দেওয়া ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধার অপব্যবহার করে অনেকে কর্মসংস্থানের চেষ্টা করছেন, এমন ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক সতর্কবার্তায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতীয় পাসপোর্টধারীদের জন্য মালয়েশিয়ার ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধাটি কেবল পর্যটন ও সামাজিক সফরের জন্য প্রযোজ্য। এই সুবিধা ব্যবহার করে চাকরি খোঁজা দেশটির অভিবাসন আইনের চরম লঙ্ঘন।

সতর্কবার্তায় বলা হয়, ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধা ব্যবহার করে চাকরি খুঁজতে মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের আসার ঘটনা লক্ষণীয়ভাবে বেড়েছে। ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া ভ্রমণকারী ভারতীয়দের কাজ নেওয়া থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করছে ভারতীয় হাইকমিশন। ভূয়া কাজের আশ্বাসে অসাধু এজেন্টের মাধ্যমে অনেক ভারতীয় বিভ্রান্ত হচ্ছেন, যা অনিয়মিত বসবাস, অবৈধ অবস্থান, শোষণ, আটক ও আইনি পদক্ষেপের মুখে পড়ার মতো পরিস্থিতি তৈরি করছে।

হাইকমিশন বিষয়টি পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানিয়েছে, বৈধ ওয়ার্ক পারমিট অথবা ভ্যালিড ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) ছাড়া ভারতীয় নাগরিকদের চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়া ভ্রমণ করা উচিত নয়।

পাশাপাশি প্রকৃত পর্যটকদের মালয়েশিয়ায় পৌঁছানোর পর অভিবাসনসংক্রান্ত জটিলতা এড়াতে নির্দিষ্ট কিছু কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটকদের অবশ্যই নিশ্চিত রিটার্ন টিকিট, হোটেল বুকিংয়ের বৈধ কাগজপত্র, পৌঁছানোর তিন দিন আগে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণের প্রমাণ এবং ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।