যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক

জার্মানিভিত্তিক ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর-৫৬ এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাসভবন থেকে আটক করা হয়েছে। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, অনুমতি না থাকা সত্ত্বেও সিজেপির বিক্ষোভে অংশ নিতে জাতীয় রাজধানীতে না যাওয়ার জন্য গুরুগ্রাম ও দিল্লি পুলিশের দলগুলোর অনুরোধ তিনি না শোনায় তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন কক্ষরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরের বিক্ষোভের আগে ৪০ হাজারের বেশি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করে এবং ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসিয়ে দিল্লিকে দুর্গে পরিণত করেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছেন বিক্ষোভকারীরা।

গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দিল্লি পুলিশের একটি দল রাঠির বাসায় গিয়ে বিক্ষোভের জন্য দিল্লি না যেতে অনুরোধ করেছিল। তিনি বলেন, দিল্লি পুলিশ পরিস্থিতি সম্পর্কে আমাদেরও জানায়। এরপর আমাদের দলগুলোও তার বাসায় পৌঁছে আইন মেনে চলতে এবং শান্তি বজায় রাখতে সহায়তার অনুরোধ জানায়।

ওই কর্মকর্তা আরও বলেন, তবে দিল্লি না যাওয়ার সব অনুরোধ তিনি প্রত্যাখ্যান করায় আমরা তাকে আটক করতে বাধ্য হয়েছি। রাঠি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কথা শুনলে আমরা তাকে আটক না করাই পছন্দ করতাম।

গুরুগ্রাম পুলিশের কর্মকর্তারা জানান, তার বাসায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানেই থাকবেন।

সিজেপির প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিজেপিও রাঠির আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি এক্সে লিখেছে, স্বৈরাচার তরুণদের ভয় পাচ্ছে, যারা তার অন্যায় নিয়ে প্রশ্ন তোলে এবং চুপ থাকতে অস্বীকার করে!

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আলাদা এক বিবৃতিতে সিজেপি সামাজিক কর্মী ও প্রভাবশালী ধ্রুব রাঠিকে দিল্লি পুলিশের জবরদস্তিমূলক আটকের তীব্র নিন্দা জানিয়েছে।

সংগঠনটি তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলেছে, এই গ্রেফতার ভোটার তালিকার অনিয়ম নিয়ে গণতান্ত্রিক ভিন্নমত দমনের উদ্দেশ্যে সরকারের আগ্রাসী ও শহরব্যাপী অভিযানের অংশ। রাঠি এবং বর্তমানে হেফাজতে থাকা শত শত নাগরিক ও শিক্ষার্থী কর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে সিজেপি।

এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক এক ভিডিওতে রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন।