মোদির সঙ্গে থাকো, প্রণব মুখার্জির পরামর্শে বিজেপিতে যোগদানের কথা জানালেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৪ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৪

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরামর্শেই তৃণমূল কংগ্রেস (টিএমসি) ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় দ্য ইকোনমিক টাইমস বেঙ্গল অ্যাসেন্ডস সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই তথ্য জানান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়কার ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী প্রণব মুখার্জিকে তার ‘মূল উপদেষ্টা’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছিল।

প্রণব মুখার্জির পরামর্শ স্মরণ করে শুভেন্দু বলেন, প্রণব জি আমাকে বলেছিলেন, ‘তুমি কী করতে চাও তা নিয়ে ভাবো। যদি কর্মচারী হয়ে থাকতে চাও, তবে এখানেই থাকো। আর যদি নিজের মতো করে এগিয়ে যেতে চাও, তবে মোদিজির সঙ্গে থাকো’।

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কার্যক্রমের বিষয়ে প্রণব মুখার্জির মূল্যায়ন তুলে ধরে শুভেন্দু বলেন, তাদেরটা ছিল এক ব্যক্তির দল, পিসি-ভাইপোর এক নারীর দল, এবং এটি পুরোপুরি একটি কোম্পানির মতো ছিল, যেখানে একজন ম্যানেজিং চেয়ারম্যান ও একজন ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে শুভেন্দু আরও বলেন, আমিও সেখানে ছিলাম, কিন্তু আমি কর্মচারী হয়ে থাকতে চাইনি, তাই চলে এসেছি।

প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিনি আমার অভিভাবক ও উপদেষ্টা ছিলেন। রাজনীতির বাইরেও প্রতিটি ভারতীয় প্রণব মুখার্জিকে শ্রদ্ধা করেন।

তবে ঠিক কবে এই কথোপকথন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি শুভেন্দু। তিনি বলেন, আমি এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। তিনি আর আমাদের মাঝে নেই। এ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। আমি বেশি কিছু প্রকাশ করতে চাই না।

উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখার্জি ২০২০ সালের আগস্টে মারা যান। এর কয়েক মাস পর ২০২০ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটায় বিজেপি। ওই নির্বাচনে ভবানীপুর আসনে মমতাকে হারিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। এই পরাজয়ের পর কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছিলেন, অভিষেকের প্রভাবে দল শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিল। অন্যদিকে প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ মন্তব্য করেছিলেন, মমতা তার ভাইপোকে সরিয়ে দিলে ক্ষুব্ধ নেতা-কর্মীরা আবার দলে ফিরে আসবেন।

এদিকে, কংগ্রেসের প্রবীণ নেতা হওয়া সত্ত্বেও বিজেপি ও আরএসএসের সঙ্গে প্রণব মুখার্জির সুসম্পর্ক ছিল। সম্প্রতি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: অ্যা জার্নি অব লাভ’-এ প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। বইটিতে সোনিয়া লিখেছেন, ২০১০ সালে প্রণব তাকে শীর্ষ পদে পরিবর্তনের পরামর্শ দিয়ে বিস্মিত করেছিলেন। এর জবাবে প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, এতে ‘বিস্মিত’ হওয়ার কী আছে? তিনি দাবি করেন, তার বাবা বংশগত অধিকারের বদলে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছিলেন।

এর আগে ২০১৮ সালে নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে ভারতমাতার মহান সন্তান বলে অভিহিত করেছিলেন প্রণব মুখার্জি। সে সময় বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব তার বক্তব্যকে ‘দারুণ’ বলে প্রশংসা করেছিলেন। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছিলেন, ভারতের বহুত্ববাদ, সহনশীলতা, ধর্মনিরপেক্ষতা ও অন্তর্ভুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রণব মুখার্জি আরএসএসকে সত্যের আয়না দেখিয়েছেন। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে শর্মিষ্ঠা মুখার্জি জানিয়েছিলেন, নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তার বাবার সঙ্গে মোদির সুপরিচয় ছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনার মৃত্যু
সর্বশেষ খবর
ফেনী জেলার এসপি হাবীবুল্লাহকে খাগড়াছড়িতে বদলি
ফেনী জেলার এসপি হাবীবুল্লাহকে খাগড়াছড়িতে বদলি
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট
বাংলাদেশকে একাই শেষ করলেন মুল্ডার
বাংলাদেশকে একাই শেষ করলেন মুল্ডার
আগরতলায় আ.লীগের নেতারা, আখাউড়া স্থলবন্দর ঘেরাও করে বিএনপির বিক্ষোভ
আগরতলায় আ.লীগের নেতারা, আখাউড়া স্থলবন্দর ঘেরাও করে বিএনপির বিক্ষোভ
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য