ডিজেলের দাম বাড়ালো পাকিস্তান, বাড়তে পারে নিত্যপণ্যের দামও

পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামের চরম অস্থিরতার মধ্যে ডিজেলের দাম বাড়িয়েছে পাকিস্তানের সরকার। হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম লিটারপ্রতি ২ দশমিক ২৯ রুপি বাড়ানো হলেও আগামী তিন দিনের জন্য পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওজিআরএ) দেওয়া এক প্রজ্ঞাপন অনুযায়ী, তেলের দাম পুনর্নির্ধারণের পর পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩৭৭ দশমিক ৯১ রুপিতে। আর ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ৯৬ রুপি।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ-এর বরাতে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের গত সাত দিনের গড় দামের ভিত্তিতে প্রতিদিন জ্বালানির মূল্য নির্ধারণ করা হচ্ছে। আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে ওজিআরএ তাদের ওয়েবসাইটে প্রতিদিনের পেট্রোলিয়ামের দাম প্রকাশ করা শুরু করেছে। সংঘাত শুরু হওয়ার পর পাকিস্তান সরকার সাপ্তাহিক পর্যালোচনার নিয়ম চালু করেছিল; যার আগে প্রতি পাক্ষিকে বা ১৫ দিনে দাম পর্যালোচনা করা হতো।

জিও নিউজের দেখা মন্ত্রিপরিষদ-অনুমোদিত এক সরকারি নথি অনুযায়ী, ওজিআরএ গত সাত দিনের আন্তর্জাতিক গড় মূল্যের ওপর ভিত্তি করে প্রতিদিনের পেট্রোল ও এইচএসডির এক্স-ডিপো দাম জারি করবে। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের পূর্বানুমতি ছাড়াই সংস্থাটি এই দাম ঘোষণা করতে পারবে। তবে শুক্রবার ঘোষিত দামগুলো শনিবার ও রবিবারে অপরিবর্তিত থাকবে। এছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে ওজিআরএ দৈনিক ‘প্ল্যাটস রেফারেন্স’ দর প্রকাশ করবে। নথিতে আরও বলা হয়, পেট্রোলিয়াম শুল্কের হার মন্ত্রিপরিষদের অনুমোদিত সীমা অতিক্রম করতে পারবে না এবং শুল্কের হারে যেকোনও পরিবর্তনের জন্য অর্থ বিভাগের অনুমোদনের প্রয়োজন হবে।

বাণিজ্যিক যানবাহন, গণপরিবহন এবং কৃষি যন্ত্রপাতির প্রাথমিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় হাই-স্পিড ডিজেলের দামবৃদ্ধি সরাসরি সরবরাহ চেইনের ওপর প্রভাব ফেলে। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহন খাতে ভাড়া বেড়ে যাবে, যা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ভোগ্যপণ্যের ওপর একটি ধারাবাহিক মূল্যস্ফীতিজনিত প্রভাব ফেলবে। 

সূত্র: উইয়ন নিউজ