অফিসে বিদেশি অতিথির সামনে বলিউডের গানে নাচ, পেশাদারত্ব নিয়ে বিতর্ক কেন?

ভারতে উৎসব উদযাপনের অংশ হিসেবে অফিসে বিদেশি অতিথির সামনে এক নারী কর্মীর হিন্দি গানের তালে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্মক্ষেত্রে পেশাদারত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওটিতে হলুদ শাড়ি পরিহিত এক নারী কর্মীকে ২০১৫ সালের ‘ওয়েলকাম টু করাচি’ চলচ্চিত্রের ‘শাকিরা’ গানের তালে নাচতে দেখা যায়। পেছনে উৎসবে সাজে সজ্জিত তার সহকর্মীরা করতালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিলেন। সামনে বসে থাকা এক বিদেশি নারী ভিডিওটি ধারণ করছিলেন,যাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক অ্যাকাউন্টে কর্মীর ‘আমেরিকান বস’ হিসেবে দাবি করা হয়েছে। তবে ওই বিদেশি নারীর পরিচয় বা পেশাগত সম্পর্ক নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক্স (সাবেক টুইটার)-এ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই পারফরম্যান্সের সমালোচনা করে কর্মক্ষেত্রে বিদেশি অতিথিদের নাচ-গান দিয়ে অভ্যর্থনা জানানোর সংস্কৃতির মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘অফিসে এমনটা করতে এদের লজ্জা করে না? এদের কি কোনো আত্মসম্মান নেই? বিদেশি নারীদের কখনও তাদের মালিকের সামনে এভাবে নাচতে দেখেছেন?’

কর্পোরেট পরিবেশ নিয়ে সমালোচনা করে অপর এক ব্যবহারকারী লিখেছেন, মনে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক আচরণের কোনও মানদণ্ড নেই। ভারতীয় কোনও আয়োজন প্রদর্শন করা ভালো, তবে গানের নির্বাচন, পোশাক ও পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। এটি এইচআর বিভাগের এক নিম্নমানের প্রদর্শনী ছিল।

অপর এক মন্তব্যে অতিথি সেবা ও পেশাদারত্বের ভারসাম্যের আহ্বান জানিয়ে বলা হয়েছে, এটি বন্ধ হওয়া দরকার। অতিথিদের সম্মান জানান, কিন্তু সীমালঙ্ঘন করবেন না।

অন্যদিকে, অনেকেই এই সমালোচনার বিরোধিতা করে ঘটনাটিকে স্বাভাবিক উৎসবের অংশ হিসেবে বর্ণনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, এটি একটি উৎসবের অনুষ্ঠান ছিল এবং তিনি সাধারণভাবেই পারফর্ম করে মুহূর্তটি উপভোগ করছিলেন। আমরা বহুজাতিক কোম্পানিতে কাজ করি যেখানে বিদেশিরা আমাদের দৈনন্দিন কাজের পরিবেশের অংশ। তার মানে কি তাদের সঙ্গে প্রতিটি মেলামেশাই কাউকে তোষামোদ করার চেষ্টা? একটি সাধারণ উৎসবকে অহেতুক অন্য রূপ দেবেন না।