বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

ভারতের বেঙ্গালুরুতে বাথরুমে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর নাটক সাজানোর প্রায় এক মাস পর চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, এটি স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার বিবাহবহির্ভূত সম্পর্কের প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার পুলিশ জানায়, গত ১২ অক্টোবর উপেন্দ্র এন. নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে তার স্ত্রী অনিতা ইউ. এবং তার কথিত প্রেমিক স্থানীয় ব্যবসায়ী টি. মধুসুধন রেড্ডি মিলে হত্যা করেছেন। ময়নাতদন্তের প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

নিহতের ভাই রাজেন্দ্রর করা অভিযোগের ভিত্তিতে প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। তবে গত ২ নভেম্বরের ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসে যে, গলায় চাপ প্রয়োগ এবং শ্বাসরোধের ফলেই তার মৃত্যু হয়েছে। এরপর উপেন্দ্রর বাবা ভেঙ্কটনারাসাপ্পা একটি তদন্তের অনুরোধ জানান।

সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ রেড্ডির সম্পৃক্ততা পায়। গত ৫ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে রেড্ডি অপরাধ স্বীকার করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, অনিতার সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে উপেন্দ্র বাধা হয়ে দাঁড়ানোয় তারা এই হত্যাকাণ্ড ঘটান।

রেড্ডি পুলিশকে জানান, গত ১২ অক্টোবর ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় উপেন্দ্রকে তিনি গলা টিপে ধরেন এবং অনিতা তার নাক ও মুখ চেপে ধরে রাখেন। হত্যাকাণ্ড গোপন করতে তারা সবাইকেই জানান যে বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে উপেন্দ্র মারা গেছেন।

গত ৫ নভেম্বর রেড্ডিকে এবং এর পরের দিন অনিতাকে গ্রেফতার করে পুলিশ। অনিতাও অপরাধ স্বীকার করার পর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়। গত ৬ নভেম্বর দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস