টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা

বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও ওভারবুকিংয়ের দোহাই দিয়ে বোর্ডিং না দেওয়ায় চিকিৎসাবঞ্চিত এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে দায়ের করা মামলায় এয়ারলাইনের চরম গাফিলতি ও সেবার ত্রুটি প্রমাণ হওয়ায় নিহতের স্ত্রীকে ২৬ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ দিল্লি ক্রেতা সুরক্ষা কমিশন।

আদালতের গত ২৯ অক্টোবরের রায়ে এয়ারলাইনটিকে টিকিটের নব্বই হাজার রুপি ফেরত দেওয়ার পাশাপাশি মামলা পরিচালনার খরচ হিসেবে আরও ৩০ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের জুলাইয়ে। ইসরায়েলে কর্মরত ৪৯ বছর বয়সী এক নার্স মেরুদণ্ডের গুরুতর অসুস্থতা নিয়ে জরুরি অস্ত্রোপচারের উদ্দেশ্যে তেলে আবিব থেকে মুম্বাই হয়ে নিজের শহর ম্যাঙ্গালুরে যাচ্ছিলেন। ৮ জুলাই নির্ধারিত অস্ত্রোপচারের জন্য তিনি ও তাঁর এক আত্মীয় মুম্বাই পৌঁছান। তবে পূর্বেই হুইলচেয়ার সহায়তার আবেদন এবং চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কথা এয়ারলাইন কর্মীদের জানানো হলেও ওভারবুকিংয়ের কথা বলে তাঁদের ম্যাঙ্গালুরগামী সংযোগকারী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের পরদিনের (৯ জুলাই) ফ্লাইটে পাঠানো হবে। বাধ্য হয়ে রাতে মুম্বাইয়ের একটি হোটেলে অবস্থান করার পর ৯ জুলাই সকালে বিমানবন্দরে গিয়ে হুইলচেয়ার আনার আগেই ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন এবং সকাল পৌনে ৯টায় মারা যান।

মনিকা এ শ্রীবাস্তব ও কিরণ কৌশলের সমন্বয়ে গঠিত কমিশন রায়ে উল্লেখ করে, অন্য কানেক্টিং ফ্লাইটের ২৮ জন যাত্রীকে জায়গা দিতে গিয়ে কনফার্মড টিকিট এবং সময়ের মধ্যে কাউন্টারে আসা হুইলচেয়ারমুখী শারীরিক প্রতিবন্ধী যাত্রীকে প্রাধান্য না দেওয়া এয়ারলাইনের মারাত্মক অবহেলা। মেডিকেল ইনফরমেশন ফর্ম (মেডিফ) জমা না দেওয়ার পক্ষে এয়ারলাইনের যুক্তি খারিজ করে কমিশন বলে, বোর্ডিং দেওয়া হলে হয়তো কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি বেঁচে যেতেন। এয়ারলাইনের এই অমানবিক সিদ্ধান্তের কারণেই সময়মতো চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে রায়ে জানানো হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস