আফগানিস্তানে নারী রোগী দেখায় পুরুষ চিকিৎসকদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা

হেরাতের ৩৭ বছর বয়সী ফরিদা (ছদ্মনাম) এক রাতে দাঁতের তীব্র ব্যথায় ঘুম থেকে জেগে ওঠেন। পরের কয়েক দিনে ব্যথা বাড়তে থাকে। তিনি বলেন, আমার দাঁত বছরের পর বছর ধরে নষ্ট ছিল। মুখের দুই পাশের মোলার দাঁত মারাত্মক ক্ষতিগ্রস্ত ছিল। রাতে ঘুমাতে পারতাম না, প্রায় কিছুই খেতে পারতাম না।

চলতি বছরের শুরুতে ইরান থেকে ফিরে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বসবাস শুরু করেন ফরিদা ও তার পরিবার। জোর করে ফেরত আসা অন্য অনেক অভিবাসীর মতো তারাও কাজ ও আয়ের পথ খুঁজে পাননি। এমন টানাপোড়েনে চিকিৎসকের কাছে যাওয়া বিলাসিতা হয়ে উঠেছে। তবে ব্যথার কারণে জুলাইয়ের শুরুতে তিনি হেরাতের বাকরাবাদ এলাকার একটি ডেন্টাল ক্লিনিকে যান।

পরীক্ষা করে দন্তচিকিৎসক জানান, কয়েকটি দাঁত তুলে ফেলে ইমপ্লান্ট বা নকল দাঁত বসাতে হবে। ক্লিনিক ফরিদার জন্য একটি চিকিৎসা পরিকল্পনা লেখে, যাতে কয়েক দফা আসতে হবে এবং পুরো খরচ আগাম দিতে হবে। কিন্তু তৃতীয় সেশনে ইমপ্লান্ট বসানোর কথা থাকলেও তাকে বলা হয়, এখন আপনার চিকিৎসা করতে পারব না। বাড়ি যান, আমরা নিজেরাই ফোন করব, কারণ একটি সমস্যা দেখা দিয়েছে।

ফরিদা বাড়ি ফিরে যান, কিন্তু ঠিকমতো খেতে বা পানি পান করতে পারছিলেন না। দুই দিন পর ক্লিনিকে ফোন করলে জানানো হয়, তার চিকিৎসা শেষ করা আর সম্ভব নয়। তাদের ভাষ্য, সদগুণ প্রচার ও অসদাচরণ প্রতিরোধ মন্ত্রণালয়ের নির্দেশ এসেছে, পুরুষ দন্তচিকিৎসকেরা আর নারী রোগীর চিকিৎসা করতে পারবেন না। পরিস্থিতি বদলালে আমরা ফোন করব। তিন মাস পরও ফরিদার চিকিৎসা অসমাপ্ত।

পুরুষ দন্তচিকিৎসকদের নারীদের চিকিৎসা নিয়ে প্রকাশ্যে ঘোষিত কোনও নিষেধাজ্ঞা নেই। তবে গার্ডিয়ান ও জান টাইমসের গণমাধ্যম প্রতিবেদন এবং নারী ও চিকিৎসকদের সাক্ষাৎকার অনুযায়ী, দেশজুড়ে অঘোষিত নিষেধাজ্ঞা ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। দন্তচিকিৎসকেরা জানান, তালেবান নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এবং পুরুষ চিকিৎসকদের সতর্ক করে তা কার্যকর করছে। ক্লিনিকে নারী রোগী পাওয়া গেলে কারাদণ্ডের হুমকি দেওয়া হচ্ছে।

বেশির ভাগ প্রদেশে পুরুষ চিকিৎসকেরা তালেবানের কাছ থেকে নারী রোগীদের পরীক্ষা না করার নির্দেশ পেয়েছেন। তারা বলেন, নারী রোগীর পুরুষ অভিভাবক (মাহরাম) উপস্থিত থাকা বা নারী নার্স দিয়ে কিছু প্রক্রিয়া করানোর মতো নির্দিষ্ট শর্ত ছাড়া তারা নারীদের পরীক্ষা বা জরুরি সেবা দিতে পারেন না।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালে ১৫ বছর কাজ করা শল্যচিকিৎসক সামিম (ছদ্মনাম) বলেন, আমরা সরাসরি নারী রোগীদের পরীক্ষা করতে পারি না, কারণ আমরা তাদের মাহরাম নই। প্রক্রিয়া যত সহজই হোক বা রোগীর অবস্থা যত সংকটাপন্নই হোক, এতে কিছু যায় আসে না।

নিষেধাজ্ঞার বাড়াবাড়ি এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে কর্মকর্তারা নারী রোগীদের আসল নাম ধরে ডাকা নিষিদ্ধ করেছেন। মে মাসে সব হাসপাতাল, বেসরকারি চেম্বার ও ক্লিনিককে নারীদের নামের বদলে ‘বিবি’ শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। ওষুধের প্রেসক্রিপশনেও এ নির্দেশ মানতে হবে বলে জোর দেওয়া হয়।

কুনার প্রদেশের রহিমা (ছদ্মনাম) বলেন, তার এক বয়স্ক আত্মীয়কে দাঁতের চিকিৎসার জন্য শত শত মাইল পেরিয়ে কান্দাহার শহরে যেতে হয়েছে, কারণ তার ছেলে সেখানে একটি দন্তচিকিৎসা ক্লিনিক চালান। নারীর স্বামী বলেছিলেন, কুনারের সব চিকিৎসক তাকে চেনেন, তাই পুরুষ দন্তচিকিৎসকের কাছে যাওয়া তার জন্য লজ্জার কারণ হবে।

নারীদের চিকিৎসা নেওয়ার ওপর তালেবানের এই দমন অভিযানের পাশাপাশি তাদের নিজেদের চিকিৎসক হওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে নারীরা চিকিৎসা প্রতিষ্ঠানে পড়ার অধিকার হারিয়েছেন। হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, তালেবান নারী কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে।

অবশিষ্ট নারী চিকিৎসকদেরও মাহরাম রাখতে বাধ্য করছে তালেবান। এক রোগী জানান, বাবাকে সঙ্গে নিয়ে গেলেও নারী কর্মী নেই এমন একটি চেম্বারে পুরুষ চিকিৎসকের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে। তাকে বলা হয়, মাহরামসহ আরেক নারী রোগী আসতে হবে, যাতে কোনও সমস্যা হলে ওই নারী তাকে সাহায্য করতে পারেন, কারণ চিকিৎসকের নারী রোগীকে স্পর্শ করার অনুমতি নেই।

সূত্র: গার্ডিয়ান